টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৮:৫৯ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৯:৩৫ পিএম
গত ১০ জুলাই টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগর সংলগ্ন সাগরের তীর থেকে ভাসমান অবস্থায় পৃথক স্থান থেকে অর্ধগলিত ৩টি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে টেকনাফ পুলিশ। ফাইল ছবি
মিয়ানমারের উপকূলে রোহিঙ্গাবাহী দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। নিহতদের অধিকাংশই রোহিঙ্গা, যাদের মধ্যে বাংলাদেশের শরণার্থীশিবির থেকে সমুদ্রপথে যাত্রা করা লোকজনও ছিলেন।
এ ঘটনার মধ্যেই কক্সবাজারের টেকনাফ উপকূলে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার এবং বঙ্গোপসাগরে জেলেদের একাধিক ভাসমান মরদেহ দেখার দাবি নতুন করে নৌকাডুবির ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়িয়েছে। যদিও এসব মরদেহের সঙ্গে ওই দুর্ঘটনার সরাসরি কোনো সম্পর্কের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে নৌকাডুবির তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
এদিকে কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলে সমুদ্রে একাধিক ভাসমান মরদেহ দেখার দাবি করেছেন। একই সঙ্গে গত কয়েক দিনে টেকনাফ উপকূল থেকে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনার পর স্থানীয়দের মধ্যে ধারণা তৈরি হয়েছে, উদ্ধার হওয়া ও সমুদ্রে ভাসমান মরদেহগুলোর সঙ্গে মিয়ানমার উপকূলে নৌকাডুবির ঘটনার কোনো যোগসূত্র থাকতে পারে।
গত ১১ জুলাই সাগর মাছ শিকার করার সময় জেলেরা বঙ্গোপসাগরের গভীরে নারীদের লাশ ভাসমান অবস্থায় দেখেছেন বলে দাবি করেছেন কয়েকজন জেলে। শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনের এসব জেলেদের ভাষ্য, “আমরা প্রথমে নারীদের ভাসমান লাশ দেখে ভয়ে জাল তুলে অন্য দিকে চলে যাই”।
এ বিষয়ে শাহপরীরদ্বীপের ট্রলার মাঝি নুরুল আলম বলেন, “প্রায় এক সপ্তাহ আগে মাছ ধরতে গিয়ে সাগরে জাল ফেলেছিলাম। জাল তোলার সময় দূরে বেশ কয়েকজন নারীর ভাসমান মরদেহ দেখতে পাই। দৃশ্যটি দেখে ভয় পেয়ে দ্রুত ট্রলারটি অন্যদিকে নিয়ে চলে যাই। তখন সাগরে প্রবল বাতাস ছিল। আমার ধারণা, ওই মরদেহগুলো রোহিঙ্গাদের হতে পারে”।
অন্যদিকে গত ১০ জুলাই টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগর সংলগ্ন সাগরের তীর থেকে ভাসমান অবস্থায় পৃথক স্থান থেকে অর্ধগলিত ৩টি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
ওসি বলেন, সম্প্রতি আমরা তিনটি নারীর মরদেহ উদ্ধার করি। সেগুলো কারো হাত নেই কারো মাথা নেই। তবে মরদেহগুলো রোহিঙ্গা নারীদের ছিল। তবে আজকে গণমাধ্যমে মিয়ানমারে উপকূলের কাছাকাছি রোহিঙ্গাবহনকারী ট্রলার ডুবির ঘটনা খবর পেয়েছি। তাছাড়া নাফনদী-সাগরে ভাসমান মরদেহগুলোর খোঁজ খবর নেওয়া হবে”।
ক্যাম্পের রোহিঙ্গা নেতারা কি বলছে?
মিয়ানমারে রাখাইনে আরাকান আর্মি (এএ) দখলে থাকা এলাকায় রোহিঙ্গাদের টাড়াতে নির্যাতন চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে সেখানকার রোহিঙ্গারা সাগরপথ বেছে নিয়েছে। সেক্ষেত্রে আরকান আর্মির একজন রোহিঙ্গার কাছ থেকে কিয়েট ১০ লাখ টাকা ঘুষের অভিযোগও রয়েছে। সবশেষ গত জুন মাসের শেষে নৌকা দুটি আরাকানের পাউকতাও টাউনশিপ থেকে মালয়েশিয়া উদ্দ্যেশে যাত্রাকালে সাগরে ডুবে যাওয়া ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘ।
এ প্রসঙ্গে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নেতা ডক্টর জোবাইর বলেন, “রাখাইন রাজ্যে থেকে রোহিঙ্গাদের সম্পূর্ণরুপে বিতাড়িত করতে দীর্ঘদিন ধরে আরাকান আর্মি পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে তারা। এরাই অংশ হিসেবে রোহিঙ্গাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই বর্ষার সময়ে মালয়েশিয়া সাগরপথে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সেখানে আমাদের ক্যাম্পের রোহিঙ্গাও ছিল বলে জানা গেছে। তবে সাগরে ট্রলার ডুবির ঘটনা প্রকাশ হলে কোনো রোহিঙ্গা মুখ খুলেেছ না।