শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তারের পর বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
যশোর থেকে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন গ্রেপ্তারের পরদিন বৃহস্পতিবার নগরীর ২ নম্বর গেট পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
এর আগে বুধবার যশোর হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় ডেভিড ইমন সহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ
নগরীর ২ নম্বর গেট এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
তিনি জানান, বুধবার যশোর হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় যৌথ অভিযানে ডেভিড ইমন ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম অঞ্চলের মানুষের কাছে আতঙ্কের নাম। সম্প্রতি তার অনুসারীরা চাঁদাবাজির উদ্দেশ্যে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাদের ওপর তথ্যপ্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
মাসুদ আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
তিনি জানান, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ গুরুতর অপরাধের মোট ১৩টি মামলা রয়েছে।
এছাড়া চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়া এলাকায় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্যও তদন্তে উঠে এসেছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী চক্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে।
আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও পেশাদার কৌশলের সমন্বয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মাসুদ আলম জানান, গত ১৩ জুন ২০২৬ চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সংঘটিত আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে জেলা পুলিশ নিবিড় তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মামলার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়।
তিনি বলেন, এর ধারাবাহিকতায় গত ২২ জুলাই এজাহারভুক্ত আসামি মো. মিঠু ওরফে ধামা ইলিয়াছকে (৪৭) গ্রেপ্তার করা হয়। আদালতের অনুমতিক্রমে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্ত্রের মজুদ এবং সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন।
তিনি আরও বলেন, তদন্তে আরও জানা যায়, ধামা ইলিয়াছ কুখ্যাত সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি হত্যা মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে, যার মধ্যে অস্ত্র, চাঁদাবাজি ও অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগও অন্তর্ভুক্ত।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, অপরাধচক্রের অর্থায়ন এবং তাদের বিস্তৃত নেটওয়ার্ক উদ্ঘাটনে তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।