× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্ত সড়ক ভেঙে দুর্ভোগে লাখো মানুষ

সাইদুজ্জামান সাঈদ, রামু (কক্সবাজার)

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২০:২৮ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ২১:০২ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঢলে ধসে পড়া বেইলি সেতু

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঢলে ধসে পড়া বেইলি সেতু

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে রামু চা বাগান-আরকান সড়ক পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে।

প্রায় ৪০ বছর আগে নির্মিত ১২ ফুট প্রশস্ত এ সড়কের একটি বেইলি সেতু ছয় দিন আগে পাহাড়ি ঢলের তোড়ে ধসে পড়ে। এতে পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে সীমান্ত নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসেবা এবং মানুষের চলাচলে সংকট তৈরি হয়।

স্থানীয়রা জানায়, সেতু ধসে পড়ার পর প্রশাসন ভারী ও মালবাহী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। বর্তমানে ছোট যানবাহনগুলো বাঁশের অস্থায়ী পথ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এতে জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য ও চা-রাবার পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটছে। দুই থেকে তিন যুগ ধরে সড়কটির কোনো বড় ধরনের সংস্কার করা হয়নি। ছোটখাটো মেরামত ও জোড়াতালি দিয়েই বছরের পর বছর চলেছে সড়কটি। বর্তমানে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙন ও দেবে যাওয়ায় যানবাহন চলছে অত্যন্ত ঝুঁকি নিয়ে।

সড়কটির পূর্বাংশে রয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর, ১১ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর, সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প, প্রায় ৭০টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০টির বেশি মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি সীমান্ত বিজিবি বিওপি এবং হাজার হাজার একর চা ও রাবার বাগান। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন বলেন, এটি এখন আর সড়ক নয়, জোড়াতালির সড়ক। তারা জানান, এই পথে রোগী বহন করতে গিয়ে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি অতীতে কয়েকজন গর্ভবতী নারী হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই সন্তান প্রসব করতে বাধ্য হয়েছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াবুল হক জিয়া বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে উৎপাদিত চা বাজারজাত করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। বড় ব্যবসায়ীরাও এ পথে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।

নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজের অধ্যাপক জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত চলাচলের জন্য আধুনিক মানের প্রশস্ত সড়ক অপরিহার্য। জাতীয় নিরাপত্তার স্বার্থেই দ্রুত সময়ের মধ্যে এ সড়ককে উন্নত মানের দুই লেনে উন্নীত করা প্রয়োজন। এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত হোসাইন বলেন, সড়কটির বর্তমান অবস্থা নিয়ে আমরাও উদ্বিগ্ন। ইতোমধ্যে উন্নয়ন প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা