× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড

শহরের ভেতরেই অবহেলিত গ্রাম

রাহাত হুসাইন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৪:০৩ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫ ১৪:০৪ পিএম

শহরের ভেতরেই অবহেলিত গ্রাম

নগরায়ণের মানচিত্রে নাম আছে কিন্তু বাস্তবে এখনও ‘শহরের ভেতরে অবহেলিত গ্রাম।’ নেই ড্রেন, সড়কবাতি, খেলার মাঠ কিংবা অন্তর্বর্তী বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস)। সড়কগুলোর অবস্থাও বেহাল। প্রশাসনিক ওয়ার্ড সচিবও নেই। বাঁশের সাঁকো আর নৌকাই স্থানীয়দের প্রধান যাতায়াত মাধ্যম। রাজধানীর অংশ হয়েও নাগরিক সেবা থেকে বঞ্চিত এই জনপদটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সর্বশেষ ৭৫ নম্বর ওয়ার্ড।

রাজধানীতে অন্তর্ভুক্ত হওয়ার আগে অঞ্চলটির পরিচয় ছিল নাসিরাবাদ ইউনিয়ন। ২০১৭ সালে অঞ্চলটিকে ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়, যা খিলগাঁও থানা ও ডিএসসিসির অঞ্চল-৬-এর আওতাভুক্ত। ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশনে অন্তুর্ভক্ত হওয়ার প্রায় আট বছর পেরোলেও স্থানীয় অবকাঠামোর বদল হয়নি। 

ওয়ার্ডটিকে দুই ভাগে ভাগ করেছে নড়াই নদী। নদীর এক পাশে ত্রিমোহনী বাজার, অন্য পাশে নাসিরাবাদের নতুন পাড়া। পাকা সেতু না থাকায় রাজধানীর মূল শহর থেকে কার্যত বিচ্ছিন্ন এই ওয়ার্ডের নতুন পাড়া, ইদারকান্দি, ফকিরখালী, বালুরপাড়, বাবুর জায়গা, দাসেরকান্দি, নাগদারপাড় ও গৌরনগর। গুদারাঘাট থেকে নৌকায় চড়ে ইদারকান্দি, তারপর ফকিরখালী ও দাসেরকান্দিতে যেতে হয়। সেখানে এখনও মাটির সড়ক। বৃষ্টির সময় এই সড়কে জমে হাঁটুসমান কাদা-পানি। নতুন পাড়ার উত্তরে কায়েদপাড়া বাজার, পশ্চিমে আফতাবনগর।

ত্রিমোহনী গুদারাঘাট থেকে প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো পেরিয়েই এসব অঞ্চলে পৌঁছাতে হয়। প্রতিদিন ঝুঁকি নিয়ে হাজারো মানুষ সাঁকো পারাপার করে। অসুস্থ বা প্রসূতি নারীদের হাসপাতালে নেওয়ার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় বাসিন্দারা বহুদিন ধরেই একটি পাকা সেতুর দাবি জানিয়ে আসছেন। কিন্তু কাজের অগ্রগতি নেই। এদিকে নদীর পানি পচে দুর্গন্ধ ছড়ায়, মাছও উধাও।

নতুন পাড়ার বাসিন্দা হাফিজুল ইসলাম ইমন বলেন, ‘ইউনিয়নেই ভালো ছিলাম। সিটি করপোরেশনের আওতায় এলেও নাগরিক কোনো সুবিধাই যোগ হয়নি। সুয়ারেজ লাইন নেই, সড়কবাতি নেই, রাস্তাঘাট মেরামত হয় না। পাকা ব্রিজ করার কথা থাকলেও তা হয়নি। মাত্র তিন হাত চওড়া সাঁকো দিয়ে ৩০০ ফুট নদী পার হতে হয়। ওয়াসার পানিতেও গন্ধ।’

নাগরিক কোনো সেবা না দিয়েই হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য বারবার নোটিস পাঠানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেবা না পেলে আমরা ট্যাক্স কেন দেব? সেবা না পেলে আমরা ট্যাক্স দেব না।’ 

ত্রিমোহনী গুদারাঘাটে একটি পুরনো পাকা সেতু রয়েছে, যা নির্মিত হয়েছিল ১৯৯১ সালে। ব্রিজ পার হয়ে যাওয়া যায় নাসিরাবাদের উত্তরপাড়া, টেকপাড়া ও মধ্যপাড়া এলাকায়। ওয়ার্ডের অন্য অঞ্চলগুলো- ত্রিমোহনী, জোড়ভিটা, ত্রিমোহনী পূর্বপাড়া, লায়নহাটি, ইমামবাগ, উত্তরগাঁও, ইসলামবাগ, শেখের জায়গা ও নাসিরাবাদ।

খোঁজ নিয়ে জানা যায়, ৭৫ নম্বর ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নে সাবেক কাউন্সিলরের পক্ষ থেকে ৪৮টি রাস্তা সংস্কার ও ৮টি ব্রিজ-কালভার্ট নির্মাণের প্রস্তাব দেওয়া হলেও কাজ হয়েছে মাত্র ৪টি সড়কে; ব্রিজ হয়েছে কেবল ২টি। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় সব কাউন্সিলরকে অপসারণ করে। এরও আগে থেকে শূন্য রয়েছে ওয়ার্ডটির সচিব পদ। পূর্বের সচিব অবসরে গেলেও নতুন কেউ নিয়োগ পাননি। ফলে ৭৪ নম্বর ওয়ার্ডের সচিব এই ওয়ার্ডে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। 

সরেজমিন দেখা যায়, ত্রিমোহনীর হাজীবাড়ি মোড়ে সড়কের এক পাশ খালের দিকে দেবে গেছে। স্থানীয়রা বলছেন, এ স্থানে প্রায়ই অটোরিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে। সড়কটি আট মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ত্রিমোহনী খালের পানিও পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। হাজীবাড়ি সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী। ত্রিমোহনীর তালগাছিয়া এলাকার বাসিন্দা মো. মাসুম বলেন, ‘রাস্তা থেকে শুরু করে আমাদের জন্য সিটি করপোরেশনের কোনো সেবাই নেই। মশার উৎপাতে অতিষ্ঠ কিন্তু মশার ওষুধ দিতে কেউ আসে না। আমরা কষ্টে আছি, কিন্তু দেখার কেউ নেই।’

আরেক বাসিন্দা মোহাম্মদ বাবুল মিয়া বলেন, ‘সিটি করপোরেশনের কোনো সেবা পাই না। এলাকায় কোনো ড্রেন তৈরি হয়নি, নেই খেলার মাঠ, ময়লা ফেলারও ব্যবস্থা নেই- যেখানে-সেখানে ফেলা হয়। বৃষ্টি হলে রাস্তায় হাঁটুসমান পানি ওঠে, নদীর পানিও পচে গেছে।’

৭৫ নম্বর ওয়ার্ডের সচিব না থাকায় সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করা ৭৪ নম্বর ওয়ার্ড সচিব মো. ইব্রাহিম খলিলুর রহমান শাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ওয়ার্ডটি রাজধানীর নতুন এলাকা। এখানে সিটি করপোরেশনের কোনো স্থায়ী অফিস নেই। রাস্তাঘাট না থাকায় ট্যাক্সও আদায় করা যাচ্ছে না।’

এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকবর হোসেন বলেন, ‘রাজধানীর বাসিন্দা হিসেবে আমরা সব দিক থেকেই পিছিয়ে আছি। প্রতি বছর উন্নয়নের চাহিদাপত্র দিয়েছি কিন্তু কাজ হয়নি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা