× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীলফামারীতে নদীভাঙন ঝুঁকিতে শতাধিক পরিবার

আরফিনুল ইসলাম, নীলফামারী

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:১৬ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৮:৫১ পিএম

নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে অবস্থিত চারালকাটা নদীর ভাঙ্গনের দৃশ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে অবস্থিত চারালকাটা নদীর ভাঙ্গনের দৃশ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারা দেশে ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। সকাল ১০টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে বেলা ৩টায় পানি কিছুটা কমে বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

এদিকে আকর্ষিক পানি বাড়ায় তিস্তাতীরবর্তী মানুষের মধ্যে নতুন করে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যেই ডিমলা ও জলঢাকা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী, গোলমুণ্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

নদীতীরবর্তী অনেক নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। পানিবন্দি হওয়ার শঙ্কার পাশাপাশি ভেঙে পড়ছে গ্রামীণ যোগাযোগব্যবস্থা। অনেক কাঁচা সড়ক ও চলাচলের পথ পানিতে তলিয়ে যাওয়ায় নৌকাই হয়ে উঠেছে মানুষের একমাত্র ভরসা। কৃষক, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ১০টায় তিস্তার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে গেছে। পানি আরও বাড়তে পারে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

তিস্তা এই অঞ্চলের প্রধান নদী হওয়ায় এর পানি বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের ছোট-বড় নদীগুলোর পানিও বাড়ছে। এরই প্রভাবে নীলফামারীর চারালকাটা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার ঈমানী গ্রাম এবং কিশোরগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর গ্রামে ইতোমধ্যে কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে রয়েছে একটি মসজিদ, কবরস্থান, অসংখ্য বসতবাড়ি ও বিস্তীর্ণ আবাদি জমি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে দুই গ্রামের প্রায় ৩০০ পরিবারের ১৫০০ মানুষ চরম ঝুঁকির মুখে পড়বে।

সদরের ঈমানী গ্রামের বাসিন্দা মুসলিম আক্তার জানিয়েছেন, নদীর তীরে থাকা কবরস্থানে তার মেয়ে ও শ্বশুরের খবর ছিল। গত বছরের বন্যায় ওই দুটি কবরসহ বেশ কিছু কবর নদীতে বিলীন হয়ে গেছে। একই এলাকার আবুল হোসেন বলেন, নদীভাঙনে আবাদি জমি হারিয়ে এখন কোনো রকমে বসতভিটা নিয়ে বেঁচে আছেন। এ বছরের বন্যায় বসতভিটাটুকুও ঝুঁকিতে পড়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, বাড়িটা ভাঙলে কোথায় যাব, কী করব, কিছুই বুঝতে পারছি না।

এদিকে কিশোরগঞ্জ উপজেলার কানিয়াল খাতা গ্রামের বাসিন্দা জামশেদ আলী জানিয়েছেন, প্রত্যেকবার বন্যায় একটু একটু করে নদী ভাঙছে। ভাঙতে ভাঙতে আমাদের বসতবাড়ির কাছাকাছি চলে এসেছে। এখন পানি বাড়লেই আমরা কেউ আর রাতে ঘুমোতে পারি না। গবাদি পশু এবং বাচ্চাদের নিয়ে চরম দুশ্চিন্তায় রাত কাটাতে হয়।

এদিকে ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করে ভাঙনের তীব্রতা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নীলফামারী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া বলেছেন, ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করা হবে। এরপর ভাঙনের তীব্রতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা