রিপন আকন্দ, গাইবান্ধা
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:১১ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৮:৪৯ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের লালচামার এলাকা থেকে তোলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাইবান্ধার প্রধান চারটি নদ-নদীর মধ্যে, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীতে করতোয়ায় বাড়ছে পানি এবং কমছে তিস্তায়। পানি বৃদ্ধি-হ্রাসের এই দোলাচলে ভাঙছে সুন্দরগঞ্জ, সদর, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ির উপজেলার নদী তীরবর্তী ও চরাঞ্চলের অনেক এলাকা।
এর মধ্যে সুন্দরগঞ্জের তিস্তায় সম্প্রতি আকস্মিক ভাঙনে কয়েক ঘণ্টায় বিলীন হয়েছে শতাধিক পরিবারের বসতভিটা ও আবাদি জমি।
গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গত শনিবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবর দুপুর ১২টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ির তিস্তামুখ পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে গিয়ে বিপদসীমার ৮৪ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। করতোয়ার পানি গোবিন্দগঞ্জের চকরহিমাপুর স্টেশন পয়েন্টে ৩৪ সেন্টিমিটার ৩৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১১৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। চলমান বন্যার মওসুমে গাইবান্ধায় কোনো নদ-নদীর পানিই এখনও বিপদসীমা অতিক্রম করেনি। অন্যদিকে, ৭ সেন্টিমিটার কমে ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তিস্তা নদীর পানি।
তবে এর আগে প্রতিটি নদীতেই পানি বেড়েছে ও কমেছে। তিস্তায় সর্বোচ্চ বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে গেছে তিস্তার পানি।
চলমান এই পানি বাড়া ও কমার খেলায় তীব্র ভাঙনের মুখে পড়েছে সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লালচামার (ভোরের পাখি) এলাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাল চামারে আকস্মিক ভাঙনের তাণ্ডব চলছে রাক্ষুসে তিস্তায়। এদিন অল্প সময়ের ব্যবধানে অন্তত একশর কাছাকাছি বসতভিটা নদীতে বিলীন হয়েছে। গত মঙ্গলবার থেকে তা শতাধিক ছাড়িয়ে গেছে। এ ছাড়া ভাঙন হচ্ছে এই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডেও।
কাপাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য হাবিজার রহমান জানান, গত বৃহস্পতিবার দুপুরে কিছু সময়ের মধ্যেই আকস্মিক ভাঙনে নদীতে বিলীন হয় অর্ধশতাধিক বসতভিটা। এখন বসতভিটা হারানো পরিবারের সংখ্যা একশর বেশি হবে। মুহূর্তের মধ্যে ভাঙনে সব শেষ হয়ে যায়।
তিনি জানান, সরাসরি ভাঙনের মুখে রয়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও আরও অন্তত ২০টি পরিবারের বসতভিটা। এই ভাঙন গত দুই মাস ধরে চলছে। কিন্তু বৃহস্পতিবার ভয়ানক নদীভাঙন শুরু হয়। ইতোমধ্যে এখানকার ২০ বিঘা ফসলি জমি নদীগর্ভে চলে গেছে।
এ সময় তিনি আরও বলেন, বসতভিটা হারানো পরিবারগুলোর জন্য জরুরি সরকারি সহায়তা প্রয়োজন। এখন পর্যন্ত এখানে কেউই খোঁজ নিতে আসেনি। বিদ্যুৎ বন্ধ রয়েছে এখানে।
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস রফিকুল ইসলাম বলেন, বেশ জায়গা একসঙ্গে নদীতে মিলিয়ে যাচ্ছে। উত্তর-দক্ষিণে নদী কিন্তু ভাঙছে পশ্চিমে। এই ওয়ার্ডের লালচামারে ২৭টি পরিবার ভিটেমাটি হারিয়েছে এবং ভাঙনের ঝুঁকির মুখে থাকা ১৪টি পরিবার সম্প্রতি বাড়িঘর সরিয়ে নিয়েছে।
তিনি বলেন, ৩ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডের ভাঙন এলাকাটা কাছাকছি লাগোয়া। এখানে জিওব্যাগ ফেলানো হচ্ছে। কিন্তু অনেক কম। এখানে কম ফেলায় ভাঙন রোধ করা যাচ্ছে না। নদীতীরের কিনার থেকে শুরু জিওব্যাগ ফেললে কাজে লাগবে। কিন্তু মাঝখানে অল্প কিছু ফেলে কোনো লাভ হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ায় জেলা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় ৩০টি পয়েন্টে নদীভাঙন তীব্রতর হয়েছে। এতে নদী তীরবর্তী অন্তত আট শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে বিপুল পরিমাণ আবাদি জমি। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের বহু মানুষ।
ভাঙনকবলিত এসব এলাকার মধ্যে কাপাশিয়া ছাড়াও সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী ইউনিয়নের কালির খামার গ্রামের শখের বাজার, হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ী, রাঘব, চন্ডিপুর ইউনিয়নের উত্তর সীচা, কাপাসিয়া ইউনিয়নের লালচামার, কেরানির চর, মিন্টু মিয়ার চর ও বাদামের চর।
অন্যদিকে, সদরের মোল্লারচর ইউনিয়নের সিধাইল ও ফুলছড়ি উপজেলার ভাঙনকবলিত এলাকার মধ্যে রয়েছে কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট, দক্ষিণ রসুলপুর, উড়িয়া ইউনিয়নের রতনপুর, ফজলুপুর ইউনিয়নের মধ্য ও দক্ষিণ খাটিয়ামারীর চর ও চর চৌমোহন।
এদিকে, নতুন করে ভাঙনের কবলে পড়েছে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ব্রহ্মপুত্রের তীরবর্তী ভূষির ভিটা গ্রাম। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই রাতে হঠাৎ জিওব্যাগ ধসে পড়ে ভাঙন দেখা দেয়। সেখানে তিন স্থানে এক জায়গায় প্রায় ৫০ মিটার, আরেক যায়গায় ৩০ মিটার এবং আরেক স্থানে ২০ মিটার দেবে যায়। এই ধসে যাওয়া তিন স্থানের দুটি সরাসরি সাধারণ মানুষের বসবাসের এলাকা।
এ ছাড়াও নতুন করে ভাঙন দেখা দিয়েছে গোবিন্দগঞ্জের করতোয়ার তীরবর্তী কয়েকটি এলাকায়।
ফুলছড়ি উপজেলা ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার ভাঙনের কবলে পড়া প্রত্যেকটি এলাকা সংশ্লিষ্টদের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খোঁজখবর রাখা হচ্ছে। প্রয়োজন অনুসরে পাউবোকে জানিয়ে দ্রুত কাজ করতে তাগিদ দেওয়া হচ্ছে।
ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারানো পরিবারগুলোর ব্যাপারে কি ধরনের সহযোগিতা করা হচ্ছে বা হবে জানতে চেয়ে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ করেননি সুন্দরগঞ্জ উপজেলা ইউএনও ঈফফাত জাহান তুলি। পরে তাকে খুদেবার্তা এবং শেষে হোয়াটসআ্যপে নক করেও পাওয়া যায়নি।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, সুন্দরগঞ্জের কাপাসিয়ার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডসহ নদীভাঙনের কবলে পড়া ১৩/১৪টি পয়েন্টে ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হচ্ছে।
এ ছাড়া নতুন করে ভাঙন দেখা দেওয়া ফুলছড়ি উপজেলার ভূষির ভিটা এলাকায় জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে পাঁচ হাজার জিওব্যাগ ফেলা হবে। ভাঙনের অন্য পয়েন্টগুলোতেও অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
এদিনে, তিস্তায় পানি বাড়া ও কমার এই দোলাচলে নিম্নাঞ্চলের পাট, আউশ, তিল, আমনের বীজতলা ও বিভিন্ন ধরনের শাকসবজির প্রায় ৯০০ বিঘা জমি জলমগ্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
গাইবান্ধার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম বলেন, চলমান মওসুমে নদীতে পানি বাড়ায় সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জে নিম্নাঞ্চলের ১১৮ হেক্টর বিভিন্ন ফসলি জমি জলমগ্ন হয়ে পড়েছে। এর সিংহভাগই সুন্দরগঞ্জ। তিনি জানান, দ্রুত পানি নেমে গেলে জলমগ্ন জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না।
উল্লেখ্য, গত সোমবার থেকে বুধবারের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কয়েকটি জেলায় নদীর পানি সতর্ক সীমা ছুঁতে পারে বলে জানিয়েছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
গত শনিবার কেন্দ্রটির সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিনের সই করা প্রধান অববাহিকা ও জোনভিত্তিক নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। যদিও তার কোনো প্রভাব পড়েনি এ জেলায়।