এজলাস চলাকালিন সময়ে পেপার ওয়েট ছুড়ে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবীশ আইনজীবীর মাথা ফাটালেন বিচারক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জ আদালতে এজলাস চলাকালিন সময়ে পেপার ওয়েট ছুড়ে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবীশ আইনজীবীর মাথা ফাটালেন বিচারক।
গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ বুধবার দুপুরে ঘটনাটি ঘটে।
বিচারকের এমন অপ্রত্যাশিত কান্ডে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়া এজলাস চলাকালিন সময়ে আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে আইনজীবীদেরকে কথা বলতে দেখে টেবিলে শব্দ করে নিষেধ করেন। কিন্তু তারা বিচারকের কথা আমলে না নেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে কাঁচের পেপার ওয়েট আইনজীবীদেরকে লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত হানলে মাথা ফেটে যায়।
তাৎক্ষনিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড. জুলকদর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারকের এমন ব্যবহার অপ্রত্যাশিত। গোপালগঞ্জ আদালতের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। তারা
এ ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবী করেছে।
জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও জিপি অ্যাড. এম এ আলম সেলিম ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেছে, “এটি একটি ন্যাক্কর জনক ঘটনা। এ ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবী জানাই”।
এ বিষয়ে বিচারক সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।