প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৭:৫৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৮:১৩ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক দুই মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি এম আব্দুল হান্নান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
আদালতের আদেশ অমান্য করায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক দুই মহাপরিচালককে তলব করেছে হাইকোর্ট।
তলব করা দুই কর্মকর্তা হলেন অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি এম আব্দুল হান্নান। আগামী ১২ আগস্ট তাদের আদালতে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, মাদারীপুরের রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে মরিয়ম মুজাহিদা দায়িত্ব পালনকালে অন্য এক ব্যক্তিকে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় শিক্ষা অধিদপ্তর। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা।
তিনি আরও বলেন, ওই রিট পিটিশনে স্থগিত আদেশ থাকার পরও শিক্ষা অধিদপ্তর এই আদেশ স্থগিত করে কোনো চিঠি পাঠাননি। এতে আদালত অবমাননার আবেদন দায়ের করেন অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা। ওই আদালত অবমাননার মামলায় বুধবার আদালত শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান ও প্রফেসর বি এম আব্দুল হান্নানকে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়।