রক্তাক্ত ১৯ জুলাই
মেরিনা লাভলী, রংপুর
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৬:০৬ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৬:১৪ পিএম
চব্বিশের গণঅভ্যুত্থানে ১৯ জুলাই রংপুরে নিহত চার জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চব্বিশের গণঅভ্যুত্থানে ১৯ জুলাই রংপুরের একটি রক্তাক্ত দিন। এদিন সমতার স্বপ্ন দেখা নিরস্ত্র মানুষ রাজপথে নেমেছিল। পুলিশের বারংবার ছত্রভঙ্গের চেষ্টা বৃথা যায়। অকুতোভয় সাহসীরা বুক পেতে দিয়েছিল পুলিশের বন্দুকের নলের সামনে। শ্রাবণের সেই পড়ন্ত বিকালে রংপুরে ঝরে পড়ে চারটি তাজা প্রাণ। স্বজন হারানোর দুই বছরেও শোক কাটেনি পরিবারগুলোতে।
বিবাহবার্ষিকীতে শহীদ হন মেরাজুল : রংপুর নগরীর জুম্মাপাড়ার বাসিন্দা মেরাজুল ইসলাম। পেশায় তিনি ফল বিক্রেতা ছিলেন। ১৯ জুলাই ছিল তার ১৮তম বিবাহবার্ষিকী। আনন্দঘন দিনকে উদযাপনে নানা পরিকল্পনা করেছিলেন মেরাজুল। মেরাজুলের স্ত্রী নাজমিন ইসলাম জানান, সেদিন সকালে বাজার থেকে একটি মুরগি কিনে এনে রান্না করার জন্য দেন মেরাজুল। বিবাহবার্ষিকীর উপহার হিসেবে পকেট থেকে একটি লিপস্টিক বের করে ঠোঁটে লাগানোর জন্য দেন তিনি। এরই মধ্যে একটি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান মেরাজুল। যাওয়ার সময় বলে যান রান্না করে রেডি থাকিও আমি আসছি। সন্ধ্যার দিকে নাজমিন মোবাইল ফোনে খবর পান মেরাজুল গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে গিয়ে বিবাহবার্ষিকীর দিনে স্বামীর নিথর দেহ দেখতে পান নাজমিন। মেরাজুল ইসলামের দুই ছেলের মধ্যে বড় ছেলে অষ্টম শ্রেণিতে পড়ে, আর ছোট ছেলের বয়স মাত্র চার বছর।
তিনি বলেন, স্বামীকে হারিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি। প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান পাই। এর মধ্যে ৭ হাজার শাশুড়িকে দিই আর বাকি ১৩ হাজার টাকা দিয়ে সংসার চালাই। মেরাজুল হত্যার ঘটনায় থানায় মামলা হলেও সেগুলোর কোনো অগ্রগতি নেই।
সবজি আনতে গিয়ে বাড়ি ফেরেনি সাজ্জাদ : রংপুর নগরীর কামাল কাছনা এলাকার সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন। সেদিন বাজারে তিনি সবজি আনতে গিয়েছিলেন। সিটি বাজারের সামনে অস্ত্রধারী পুলিশের বিপরীতে কঠিন প্রতিরোধে গড়ে তোলে ছাত্র-জনতা। তাদের ওপর পুলিশের মারমুখী অবস্থানে স্থির থাকতে পারেনি সাজ্জাদ। ছাত্র-জনতার কাতারে এসে তিনিও প্রতিরোধ গড়ে তোলেন এবং একপর্যায়ে পুলিশের গুলিতে শহীদ হন।
সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বলেন, ওইদিন আমি বাবার বাড়িতে ছিলাম। সন্ধ্যায় শাশুড়ি ফোন করে জানিয়েছে সাজ্জাদ পুলিশের গুলিতে মারা গেছে। হাসপাতালে গিয়ে দেখি তিনি আর নেই।
আন্দোলনে গিয়ে ফিরেনি তাহির: ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন পূর্ব শালবন এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল তাহির। আন্দোলনের কয়েকদিন আগে তিনি রংপুরে চলে আসেন। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। ওইদিন বিকালে আন্দোলনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তাহির। সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে শহীদ হন তিনি।
আব্দুল্লাহ আল তাহিরের মা সেলিনা বেগম বলেন, বিকালে ছেলে গুলিবিদ্ধ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে ছেলেকে আইসিইউতে নেওয়ার কিছুক্ষণ পর মারা যায়।
আন্দোলনে শহীদ হন স্বর্ণ শ্রমিক মিলন : ১৯ জুলাই সন্ধ্যার কাছাকাছি সময় সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলন তীব্র হয়। পুলিশ ও ছাত্র-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করেও পুলিশ ছাত্র-জনতাকে হটাতে পারেনি। ছাত্র-জনতার সঙ্গে সেই আন্দোলনে ছিলেন নগরীর গণেশপুর বকুলতলার বাসিন্দা স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলন। পুলিশের গুলিতে তিনিও সেদিন শহীদ হন।
মিলনের স্ত্রী দিলরুবা আক্তার বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা দিশাহারা। প্রিয়জনকে হারানোর শোক আমাদের পরিবার কাটিয়ে উঠতে পারেনি।
যা ঘটেছিল ১৯ জুলাই : ২০২৪ সালের ১৮ জুলাই বিকালে নগরীর মডার্ন মোড়ে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ঘাঘট পূর্ব পাড়ার মানিক মিয়া শহীদ হন। ওইদিন জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিস, জাতীয় শ্রমিক লীগ অফিস, মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়, তাজহাট থানা, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ১৯ জুলাই ছিল শুক্রবার। বিকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি। তারা সিটি করপোরেশনের দিকে এগিয়ে যেতে থাকলে সেখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বেধে যায়। পুলিশের অস্ত্রের সামনে ইটপাটকেল নিয়ে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র-জনতা। একপর্যায়ে পুলিশ সদস্যরা মারমুখী হয়ে দফায় দফায় গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নগরীর পূর্ব শালবন এলাকার সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন, গণেশপুরের স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন, ফল ব্যবসায়ী নিউ জুম্মাপাড়ার মেরাজুল ইসলাম ও ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের অষ্টম সেমিস্টারের ছাত্র আব্দুল্লাহ আল তাহিরের মৃত্যু হয়।