× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ জুলাই

গণঅভ্যুত্থানের পথে গণমানুষ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১০:৫২ এএম

১৬ জুলাই আবু সাঈদের নিহতের ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে কোটা সংস্কার আন্দোলন ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনে রূপ নেয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

১৬ জুলাই আবু সাঈদের নিহতের ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে কোটা সংস্কার আন্দোলন ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনে রূপ নেয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

২০২৪ সালের ১৭ জুলাই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে।

আগের দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়লে কোটা সংস্কার আন্দোলন ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনে রূপ নেয়।

 ঢাকাসহ দেশের অন্তত আট জেলায় সংঘর্ষ, বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন।

ঢাকার যাত্রাবাড়ী, কাজলা ও শনির আখড়া এলাকায় দিনভর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলে।

পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলেন।

সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। রাতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

একই রাতে সরকার মোবাইল ইন্টারনেট ও পরে ফেসবুক বন্ধ করে দেয়। এর জবাবে আন্দোলনকারীরা ১৮ জুলাই থেকে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেন।

জাহাঙ্গীরনগর, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসেও সাধারণ শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।

সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য হল ছাড়ার নির্দেশ দেয়। তবে শিক্ষর্থীরা স্পষ্ট জানিয়ে দেন, হল ছাড়লেও আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।

আবু সাঈদসহ ১৬ জুলাই নিহত শিক্ষার্থীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি নেওয়া হলেও পুলিশের বাধার মুখে পরে উপাচার্য ভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদের অভিযোগ, সোয়াট টিম স্নাইপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া অবস্থান নেন এবং আন্দোলন দমনে ব্যাপক অভিযান চালান। শাহবাগ থানায় আটক দুই শিক্ষার্থীকে মুক্ত করতে এগিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।

একই দিনে গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, বগুড়া, মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও ফেনীসহ বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ, বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগও ওঠে।

সন্ধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার শোক প্রকাশের ভাষণ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

এদিনের ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই যাত্রাবাড়ী জুলাই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী প্রতিরোধকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।

পরবর্তী ৫ আগস্ট পর্যন্ত টানা প্রতিরোধের কারণে এলাকাটি আন্দোলনের অন্যতম প্রতীকী কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা