পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২০:৫৮ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬ ২১:১০ পিএম
পাবনার আতাইকুলায় এক স্থানীয় আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুরে একটি বাগান থেকে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন নিহতের পরিচয় নিশ্চিত করে বলেন, আব্দুস শুকুর ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুস শুকুর। পরে রাত ১২টা বেজে গেলেও বাড়িতে না ফেরায় স্থানীয় ও আত্মীয়-স্বজনদের বাড়িতে ফোন দিতে শুরু করেন পরিবারের সদস্যরা। তবে তার কোনো খোঁজ মেলে না। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে একটি গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুস শুকুরের মরদেহ উদ্ধার করে।
আতাইকুলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। গলাকাটা মরদেহ পাওয়া গেছে। উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হবে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’