নিহত সাইদ সরদার ওরফে চশমা সাইদ। ছবি: সংগৃহীত
যশোরে ১৪ মাদক মামলার আসামি সাঈদ সদ্দার ওরফে চশমা সাইদকে (৩৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে বুধবার সকাল নয়টার দিকে তার রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে।
স্থানীয় কয়েকজন জানান, বুধবার সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সাইদের গলাকাটা মরদেহ দেখেন।
তারা মরদেহের পাশেই একটি ধারালো চাকু দেখা যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।
আধাঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরাদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান বলেও জানান তারা।
যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় তিন জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মিরাজুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।