বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যায় অভিযুক্ত তিন ভাড়াটে হামলাকারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যায় জড়িত থাকার অভিযোগে ঢাকা থেকে আসা তিন ভাড়াটে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ অভিযানে ওই হামলাকারীদের গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার রাত প্রায় ১০টার দিকে কুপিয়ে হত্যা করা হয় জাহিদুল আলম জাহাঙ্গীরকে।
ওই সময় জাহাঙ্গীরকে বাঁচাতে এগিয়ে এসে গুরুতর আহত হন স্থানীয় বিএনপি কর্মী হাদিস মিয়া (৩৮)। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার তথ্য মিলেছে। একই সঙ্গে হত্যার পরিকল্পনাকারী ও নেপথ্যের মদদদাতাদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতানের ছেলে হেলাল এবং তার সহযোগী মহিউদ্দিন ও জাকির।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে ঢাকা থেকে মিঠামইনে আসে বলেও জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, হামলার পর স্থানীয় লোকজন একজনকে ঘটনাস্থলেই আটক করেন। পরে জেলা পুলিশের বিশেষ অভিযানে পালিয়ে যাওয়া অপর দুজনকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন জাহিদুল আলম জাহাঙ্গীর। বাড়ির সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগে থেকেই ওঁৎ পেতে থাকা তিন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
আত্মরক্ষার চেষ্টা করলেও কয়েক মিনিটের মধ্যেই তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বলেও জানায় সূত্রগুলো।
গুরুতর আহত জাহাঙ্গীর ও হাদিস মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ হত্যাকাণ্ডের ঘটনা পরিবার, আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, জাহাঙ্গীরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শুধু হামলাকারী নয়, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদেরও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, জাহিদুল আলম জাহাঙ্গীর দলের একজন ত্যাগী, আদর্শিক ও জনপ্রিয় নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করেছেন।
এ হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, জাহাঙ্গীর তার অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক সহকর্মী ছিলেন।
তিনি দাবি করেন, গত ১৫ বছর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও জাহাঙ্গীর বিএনপির রাজনীতি থেকে সরে যাননি এবং দলের নেতৃত্বের প্রতি অনুগত ছিলেন
পুলিশের দ্রুত অভিযানে হামলাকারীদের গ্রেপ্তারের প্রশংসা করে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত পরিকল্পনাকারীদের চিহ্নিত করার আহ্বান জানান।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা ঢাকা থেকে মিঠামইনে এসেছিলেন এবং হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
জাহিদুল আলম জাহাঙ্গীর বিগত সরকারের পুরো সময় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
গত ৫ আগস্টের পর বেড়িবাঁধের কয়েকটি গাছ কাটার অভিযোগে তার দলীয় পদ সাময়িক স্থগিত থাকলেও বাস্তবে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।