প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২২:২৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬ ২২:২৭ পিএম
লালমনিরহাট সীমান্তে পুশইনের সময় বিএসএফকে চ্যালেঞ্জ করে বিজিবি। ফাইল ছবি
দেশের সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং ১৭৩ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে।
এইচআরএসএসের এক প্রতিবেদনে বুধবার এসব তথ্য জানানো হয়েছে। গত ছয় মাসের (জানুয়ারি-জুন) সীমান্ত পরিস্থিতির ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এইচআরএসএসের প্রতিবেদন অনুযায়ী, গত ছয় মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৩২টি হামলার ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ৯ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনই গুলিবিদ্ধ। এছাড়া সীমান্ত এলাকা থেকে ৩৮ জনকে আটক এবং ১৭৩ জনকে বাংলাদেশে পুশ-ইন করার তথ্য পাওয়া গেছে। আরও ৪১৬ জনকে পুশ-ইনের চেষ্টা করা হলেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তা সম্ভব হয়নি। একই সময়ে সিলেট সীমান্তে খাসিয়া সম্প্রদায়ের গুলিতে একজন নিহত হয়েছেন এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদনে গত বছরের তুলনায় নিহতের সংখ্যা (১৪ থেকে ৯) ও হামলার সংখ্যা (৪০ থেকে ৩২) কিছুটা কমলেও, আহত ও আটকের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ জানানো হয়েছে। সংস্থাটি বলছে, পুশ-ইন এবং পুশ-ইনের চেষ্টার ঘটনাগুলো দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।