প্রতীকী ছবি।
নরসিংদীর রায়পুরা উপজেলায় কাকন নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও একজন শিশু নিখোঁজ রয়েছে, জীবিত উদ্ধার করা হয়েছে দুই শিশুকে।
উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া, একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ও আশেয়া। তারা সকলেই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে মাদরাসা থেকে ৬/৭ জন শিশু শিক্ষার্থী কানন নদীতে গোসলে যায়। এ সময় একজন ডুবে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যরাও পানিতে ডুবে যায়।
আশেপাশের লোকজন দ্রুত তিনজনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন, “আমাদের এখানে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।”
এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, “পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এক শিশু নিখোঁজ রয়েছে বলে শুনেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”