× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে খেজুর কারখানায় মেশিনে কাটা পড়ে প্রবাসী নিহত

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১২:১৫ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১২:১৮ পিএম

নিহত নাদিম হোসেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নিহত নাদিম হোসেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সৌদি আরবের আল-কাসিমে খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় মেশিন পরিষ্কার করতে গিয়ে মেশিনে কাটা পড়ে নাদিম হোসেন নামে কুমিল্লার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম হোসেন (২৭) কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের বাসিন্দা এবং সামাদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, জীবিকার সন্ধানে প্রায় ১০ মাস আগে সৌদি আরবে যান নাদিম। সেখানে আল-কাসিমের বুকারিয়া এলাকার একটি খেজুর প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত ছিলেন তিনি।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে বিদেশে কঠোর পরিশ্রম করছিলেন বলেও জানায় পরিবারের সদস্যরা।

স্বজনদের ভাষ্য, ঘটনার সময় খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করতে নাদিম মেশিনের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি ভেতরেই কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর সৌদি আরবের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিহতের পরিবার জানিয়েছে।

নাদিমের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর যদুপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

নিহতের বাবা সামাদ মিয়া অভিযোগ করে বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।

তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনার সুযোগ রয়েছে।

পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা