সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ২২ মিনিট আগে
ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। প্রতিদিনের বাংলাদেশে নদীভাঙনের সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে বুধবার উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও।
বর্ষা মৌসুমের শুরু থেকেই যমুনা নদীর ভাঙনে উপজেলার নলসন্ধা, ডাকাতিয়ামেন্দা ও মিরকুটিয়াসহ কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। গত ১৫ দিনের টানা ভাঙনে শতাধিক বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর, মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
ইউএনও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং ধনিয়া, মরিচ ও হলুদের গুঁড়াসহ প্রায় সাড়ে ১৪ কেজি ওজনের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রাথমিকভাবে নলসন্ধা গ্রামের ছয়টি পরিবার এ সহায়তা পেয়েছে।
এ সময় ইউএনও আফরোজা আফসানা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
তিনি বলেন, “সরকার ভাঙনকবলিত মানুষের পাশে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে”।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।