নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
তালাক দেওয়া স্বামীর অত্যাচারে নিজ শিশুকন্যাকে সাথে নিয়ে আত্মহত্যার চেষ্টায় নলছিটির সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। তাৎক্ষণিক ভাবে স্থানীয়দের তৎপরতায় মা ও শিশুকন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে নলছিটি শহর সংলগ্ন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নারীর নাম লাকি আক্তার। তিনি উক্ত এলাকার আদম আলির পুত্র সাইদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মা লাকি আক্তার তার ৫ বছর বয়সী মেয়েকে নিয়ে ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন আত্মহত্যা করার উদ্দেশ্যে । ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের মানুষজন দ্রুত নদীতে নেমে উদ্ধার কাজ চালিয়ে মা-মেয়েকে নদী থেকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
আত্মহনন চেষ্টাকারী লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সাথে নানা কারণে বনিবনা হচ্ছিল না, কলহ লেগেই থাকত। কিছুদিন পূর্বে তিনি স্বামীকে তালাক দিয়ে মেয়েকে নিয়ে আলাদা বসবাস করতে থাকেন। কিন্তু স্বামী মেয়েকে নিয়ে যাওয়ার জন্য নানা কূটকৌশল, হুমকি-ধমকি দিয়ে চাপ সৃষ্টি করে আসছিলেন বলে নারী জানান। এ কারণে তিনি মানসিক হতাশাগ্রস্ত হয়ে মেয়েকে নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন ।
এ ঘটনায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, ঘটনার বিষয়ে তারা অবগত আছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মা ও মেয়ে বর্তমানে নিরাপদে আছেন।