টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে যমুনা সেতু পূর্ব থানা পাড় বালুঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে।
শনিবার (১১ জুলাই) ভোরে বেলটিয়া গ্রামে এক যুবকের বাড়ি লক্ষ্য করে শটগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে বেলটিয়া গ্রামের সোলায়মান আকন্দের (২৬) বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা শটগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলির ছররা ঘরের জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, পলাশ ও সোলায়মান আকন্দের মধ্যে বালুঘাট নিয়ে দ্বন্দ্ব রয়েছে। গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।