ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রবা ফটো
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাড়ে তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের কারণে প্রায় তিন ঘণ্টা ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় রবিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদে রবিবার একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হলে মহেশ্বরদী এলাকার কালাম কাজী ও শিরু মোল্লা পক্ষের সঙ্গে কবির তালুকদার ও দেলোয়ার তালুকদার পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে কালাম কাজী পক্ষের সমর্থকরা দেলোয়ার তালুকদারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এরই মধ্যে পাশের মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার এবং বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে মানিকদহের সুলতান মাতুব্বর ও মহেশ্বরদী এলাকার শিরু মোল্লার সমর্থকদের মধ্যে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের হাজারো সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসস্ট্যান্ডের দুই পাশে অবস্থান নেয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হলে আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের কারণে ফরিদপুর-বরিশাল মহাসড়কে প্রায় তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।