ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং অন্তত একটি বাসে আগুন দেয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা অংশে দুর্ঘটনাকবলিত একটি ডিমবাহী পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি ডিমবাহী পিকআপ উদ্ধারের সময় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালিয়ে অন্তত একটি বাসে অগ্নিসংযোগ করে।
স্থানীয়র জানান, বিকালে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কে উল্টে গেলে সেটি উদ্ধারে পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে যায়। উদ্ধারকাজ চলাকালে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং অন্তত ২০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং অন্তত একটি বাসে আগুন দেয়।
এসআই মামুন বলেন, “দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে”।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।