গোয়াইনঘাট সীমান্তে
গোয়াইনঘাট (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
সোনারহাট লাখাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত মিনহাজ উদ্দিন। ছবি: ফেসবুক থেকে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
ভারতের মেঘালয় রাজ্যের লাখাট এলাকায় শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকাল সাতটার দিকে হাসপাতালে নেওয়ার পথে মিনহাজ উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে নিহত মিনহাজ উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।
মিনহাজ গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।
সিলেট ৪৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ভারতের অভ্যন্তরে এক কিলোমিটার ভিতরে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়। বাংলাদেশে নিয়ে আসার পরে মেডিক্যাল যাওয়ার পথে মিনহাজ উদ্দিন মারা যান। বিজিবির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারী ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে”।
স্থানীয়রা বলছেন, মিনহাজসহ কয়েকজন শুক্রবার রাতে ভারতের ভেতরে ঢুকেছিলেন। তারা মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় গেলে ‘ভারতীয় খাসিয়ারা’ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মিনহাজ গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, “ঘটনা শুনার সাথে সাথে আমরা তার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই, পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে”।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের সুরতহাল তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হচ্ছে”।