কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কয়েকদিনের টানা বর্ষণে কর্ণফুলী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন।
এর ফলে শনিবার সকাল থেকে চন্দ্রঘোনায় সব ধরনের ফেরি পারাপার সাময়িক বন্ধ রয়েছে।
রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নদীতে পানি বৃদ্ধি পাওয়ার ফেরির পাটাতন ডুবে গেছে। তাই ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে পানির প্রবাহ কমলে পুনরায় দ্রুত সময়ে ফেরি পারাপার স্বাভাবিক হবে”।
এদিকে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী হাজারো সাধারণ মানুষ। নদীর দুই পাড়ে আটকে আছে অসংখ্য যানবাহন। কোনো উপায় না পেয়ে, বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়ে ছোট ছোট সাম্পান দিয়ে নদী পার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা এই দুর্ভোগ সহ্য করছেন। এখানে একটি স্থায়ী সেতু থাকলে আজ তাদের এই চরম বিপদে পড়তে হতো না। বারবার সেতুর বিষয়ে আশার আলো দেখানো হলেও, বছরের পর বছর পেরিয়ে গেলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এই স্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি পেতে তারা সরকারের জরুরি ও সুদৃষ্টি কামনা করছেন।