ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযান শুরু করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি বালিকা হেফজখানায় পাহাড়ধসে দেওয়াল ভেঙে মাটিচাপা পড়ার ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের খতিজাতুল বালিকা হেফজখানায় বুধবার বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আরও পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি জানান, বিকালে প্রবল বৃষ্টিপাতের সময় পাহাড়ধসে একটি জরাজীর্ণ দেওয়াল বালিকা হেফজখানার উপর আকস্মিক ভেঙে পড়ে। এতে সেখানে অবস্থানরত ২৫ থেকে ৩০ জন চাপা পড়ে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযান শুরু করেন। এতে এক শিক্ষক ও এক নারীসহ ১৩ জনজন গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে মৃত উদ্ধার করা হয়। পরে আহত ৯ জনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও ৪ জনকে মৃত ঘোষণা করেন। অপর ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কমিশনার মিজানুর রহমান জানান, বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসসহ উদ্ধারকাজে অংশ নেয়া স্বেচ্ছাসেবীরা অভিযান শেষ করেছেন। ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
তবে হতাহতদের ৬ জন ছাত্রী, একজন শিক্ষক, অন্য একজন নারীর পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।