কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
পাহাড় ধসে মাদরাসায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা। ছবি: ভিডিও থেকে নেওয়া
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসার ওপর পাহাড় ধসে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন।
উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বুধবার দুপুর আড়াইটার দিকে খতিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানায় এ দুর্ঘটনা ঘটে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদরাসাটিতে দুর্যোগকালীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।
তিনি জানান, ভারী বৃষ্টিতে হঠাৎ পাশের পাহাড় ধসে মাদরাসাটি চাপা পড়ে। এতে এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঠিক কতজন ওখানে চাপা পড়েছে তার নিশ্চিত না। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫১ মিলিমিটার।
এর আগে মঙ্গলবার সকালে পাহাড় ধসে কক্সবাজার শহরের ১ জন, সোমবার পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন, কক্সবাজার শহর ও পেকুয়া একজন করে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে পানিতে ডুবে এক রোহিঙ্গাসহ ২ শিশুর মৃত্যু হয়েছে।