কাশিয়ানী থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
কাশিয়ানী উপজেলার রাতৈইল ইউনিয়নের তানপুরা গ্রামের সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মিজান শেখের মেয়ে মিলি বেগম (২৮) ও তার স্বামী আলামিন (৩০) এক সঙ্গে গোসল করতে পুকুরে নামেন। গোসল শেষে আলামিন একাই শ্বশুর বাড়িতে ফিরে এসে নিজের টাকা ও মোবাইল নিয়ে দ্রুত শশুরবাড়ি ত্যাগ করেন। এ সময় তার স্ত্রী সম্পর্কে জানতে চাইলে সে তার শাশুড়িকে জানায় মিলি পরে আসবে।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও মিলি বেগম বাড়িতে ফিরে না আসায় তার মা পুকুর পাড়ে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার
করে। ঘটনার পর থেকে মৃতের স্বামী আলামিন পলাতক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আলামিন তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছে।
কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, “ঘটনাটি পারিবারিক বিরোধ জনিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে”।