আলমসাধু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামের এক পাখিভ্যানের চালকের মৃত্যু হয়েছে।
উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটা এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রীজ পাড়ার মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যানযোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। তিনি দেহাটি শাহা ইটভাটার সামনে পৌছুলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আসমসাধু পাখিভ্যানকে ধাক্কা দেয়। এতে পাখিভ্যান চালক রিপন রাস্তার উপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।