কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ৩০ মিনিট আগে
মৃত মো. জাবেদ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহায় মো. জাবেদ (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার শিকলবাহা ৪নম্বর ওয়ার্ডের সোল্লার বাপের বাড়ি এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জাবেদ শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা হাসেমের বাড়ি এলাকার মো.নাজেমে ছেলে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার উদ্দিন এ সব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসার একটি কক্ষে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
পুলিশ আরও জানায়, নিহতের দুই স্ত্রী। নিহত জাবেদ উভয়ের সঙ্গেই সংসার করলেও ঘটনার রাতে ছোট স্ত্রী রিনা আক্তারের সঙ্গে অবস্থান করছিলেন। মৃত্যুর ঘটনায় বড় স্ত্রী, ভাই-বোন ও স্বজনরা সন্দেহ প্রকাশ করেছেন।
ওসি ইফতেখার উদ্দিন বলেন, “থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাসহ মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে”।