নাটোর প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
নাটোর সদর উপজেলায় বিষ্ণুপুর আমহাটি গ্রামে এক বৃদ্ধের জবাইকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
নাটোর সদর উপজেলায় মোতালেব হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের জবাইকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) রাতে সদর উপজেলার বিষ্ণুপুর আমহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন ওই গ্রামের ইদ্রিস আলী খানের ছেলে।
পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে রবিউল ইসলাম চুনু জানান, শনিবার সন্ধ্যার পর তার বাবা নিজ কক্ষে একাই ছিলেন। রাত ৯টার দিকে বাড়িতে ফিরে তিনি বাবার গোঙানির শব্দ শুনতে পান। পরে তিনি ও তার মা ঘরে গিয়ে দেখেন, মোতালেব হোসেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং তার হাতে একটি ধারালো ছুরি ছিল। দ্রুত তাকে বাইরে বের করে আনলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার জানান, প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
অপরদিকে সদর উপজেলায় একটি পুকুর থেকে কমল কুমার দাস (৩৭) নামে এক রিকশাচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে একই এলাকার বাসিন্দা। নাটোর সদর থানার ফিসার ইনচার্জ মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।