ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামের
ইসমাইল মাস্টারের বাড়ির বসতঘর থেকে ওই মহিলার মরদেহ উদ্ধার করা হয়।নিহত কাজল আক্তার
ওই বাড়ির কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৬ জুন)
রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে কাজলের হাত-পা বাঁধা, মুখে
টেপ পেঁচিয়ে খুন করা মৃতদেহ নিথর অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সি
এক সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় ছিল। সকালে স্থানীয়রা পুলিশকে
জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এদিকে নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি
রহস্যজনক। তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায়
আনার দাবি জানিয়েছেন।
ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে
এসে বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি
বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।