মিঠাপুকুরে একটি মসজিদে জামায়াতে ইসলামীর দলীয় সভা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি মসজিদে জামায়াতে ইসলামীর দলীয় সভা হয়েছে। সভা থেকে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় মসজিদের আদব লঙ্ঘনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মুসল্লিরা।
মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল শনিবার দুপুরে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন।
এর আগে গত ২৩ জুন মাগরিবের নামাজের পরে উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ওইদিন মসজিদের ভিতরে চেয়ার টেবিল প্রবেশ করিয়ে দলীয় সভা শুরু করেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। সভা থেকে মনোহর বাদশাকে ইমাদপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির আব্দুল বাছেত হারুন , উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম আজম, ১৭ নম্বর ইমাদপুরের আমির মিজানুর রহমানসহ জামায়াতের উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ।
এদিকে মসজিদে চেয়ার টেবিল বসিয়ে সভা করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।
চকপাড়া এলাকার বাসিন্দা নয়ন বলেন, “জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মসজিদের ভিতরে চেয়ার টেবিল বসিয়ে দলীয় প্রোগ্রাম করে মসজিদের আদব লঙ্ঘন করেছে। এটা নিন্দনীয় কাজ। আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, “আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রাগ্রামে সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়ে থাকে। যা গীবতের পর্যায়ে পড়ে। মসজিদের ভিতরে গীবত করার সুযোগ নাই। এছাড়া চেয়ার টেবিল নিয়ে বসে দলীয় প্রাগ্রাম করাকালীন মসজিদের সৌন্দর্য বর্ধন না হয়ে সৌন্দর্যহানি হয়ে থাকলে এটি মসজিদের আদবের লঙ্ঘন হয়েছে।”
মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুজ্জামান শিমুল বলেন, “আমরা মসজিদভিত্তিক প্রোগ্রামগুলো করি, তবে এভাবে প্রোগ্রাম করি না। মসজিদটা গ্রামের মধ্যে একদম বাড়ির সাথে, সে সময় কোনও লোকজন ছিলে না। এজন্য ব্যবহার করেছি।”
তিনি বলেন, “ইসলামের দৃষ্টিতে মসজিদ হচ্ছে সংসদ। তবে এটাকে মানুষ ভালোভাবে নেয় না। আমিও দেখেছি এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষ এটাকে ভালোভাবে নেয় না। সামনের দিকে আমরা বিষয়টা খেয়াল রাখব।”