কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
কচুয়া থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন। এ ঘটনায় তার কথিত পরকীয়া সঙ্গীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
উপজেলার ২ নম্বর পাথৈর ইউনিয়নের একটি গ্রামে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
অভিযোগ আছে, প্রায় দুই বছর আগে অভিযুক্ত একই বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পরকীয়ার প্রতিবাদ করায় অভিযুক্ত প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন।
পরিবারের দাবি, বৃহস্পতিবার বিকালে পরকীয়ার বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত নিহত গৃহবধূকে বেধড়ক মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত বাড়ি ছেড়ে পালিয়ে যান। তাকে না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা প্রবাসীর স্ত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “আমরা ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে”।