রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৬ ১৯:৫৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৬ ২০:৪৪ পিএম
সুরতহাল ও ময়নাতদন্ত শেষে নিহত শাহিনুর বেগম ও তার তিন মেয়ে সায়মা আক্তার, ইকরা আক্তার ও শিফা আক্তারের মরদেহ শুক্রবার দুপুর আড়াইটার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় ঢুকে একই পরিবারের মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় নিহত চারজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে মারধরে নিহত অভিযুক্ত অন্তর মজুমদারের মরদেহ এখনও হাসপাতালের হিমঘরে রয়েছে।
সুরতহাল ও ময়নাতদন্ত শেষে নিহত শাহিনুর বেগম ও তার তিন মেয়ে সায়মা আক্তার, ইকরা আক্তার ও শিফা আক্তারের মরদেহ শুক্রবার দুপুর আড়াইটার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরে মরদেহগুলো কুমিল্লার হোমনা উপজেলার নিজ বাড়িতে নেওয়া হয়।
এদিকে শাহিনুর বেগমের ছেলে জুনায়েদ ইসলাম শিফাত বাদী হয়ে শুক্রবার সকালে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ৩০২/৩৪ ধারায় রেকর্ড করা হয়েছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারধরে নিহত অন্তর মজুমদার (৩০) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ফল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার পর স্থানীয়দের মারধরে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তবে নিহত পরিবারের সঙ্গে তার সম্পর্ক কী ছিল এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে— সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি শাহীন মিয়া বলেন, “এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে”।
এদিকে নিহত মা ও তিন মেয়ের জানাজা শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রায়পুর শহরের ধানহাটা এলাকায় অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় দুই হাজার মানুষ অংশ নেন। পরে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।