রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
পাংশায় স্কুল ফাঁকি দেওয়ায় ৮০০ গাছ রোপণের শাস্তি পায় চার শিক্ষার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর পাংশায় স্কুল ফাঁকি দেওয়ায় অভিনব এক শাস্তি পেয়েছে চার শিক্ষার্থী।
শাস্তি হিসেবে তাদেরকে সাত দিনের মধ্যে ২০০টি করে মোট ৮০০ গাছের চারা রোপণ করতে হবে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক বৃহস্পতিবার বিকালে এ শাস্তি প্রদান করেন।
মো রিফাতুল হক বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিআরডিবি অফিস থেকে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান শেষে অফিসে ফেরার সময় দেখতে পাই উপজেলা পরিষদের ভেতর পূর্ব পাশের পুকুর ঘাটে স্কুল ইউনিফর্ম পরিহিত চারজন ছাত্র দাঁড়িয়ে রয়েছে।
তাদেরকে জিজ্ঞাস করলে তারা বলে তারা পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং টিফিন টাইমে ছুটি নিয়ে পুকুরে সাতার কাটতে এসেছে। স্কুলে ফোন দিয়ে জানা যায় এরকম কাউকে ছুটি দেওয়া হয়নি।
বিকালে চার ছাত্র তাদের অভিভাবকসহ এসে স্বীকার করে, স্যারের স্বাক্ষর জাল করে ছুটির দরখাস্ত অনুমোদনের কপি নিয়ে তারা স্কুল থেকে বের হয়েছে। তাদের অভিভাবক প্রতিশ্রুতি দেন যে এবারের মতো তাদেরকে ছেড়ে দিলে তারা ভবিষ্যতে এরকম আর করবে না।
তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে ২০০টি করে গাছের চারা রোপন করার শর্তে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদের ওই পুকুরটিতে এর পূর্বেও সাতার কাটতে যেয়ে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া আছে। যারা স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সকল তথ্য উপজেলা প্রশাসনের কাছে রয়েছে। ভবিষ্যতে এরকম অপরাধে ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে।