দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ২৭ মিনিট আগে
প্রতীকী ছবি।
দিনাজপুরে করতোয়া নদীতে গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে।
জেলার পার্বতীপুর উপজেলায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,পার্বতীপুর উপজেলার ভাদুরিয়া গ্রামের, দুলালী খাতুন (১৩), তার আপন বোন সুরভী খাতুন (১০) এবং তাদের ভাবী আকলিমা খাতুন (২০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুপুরে তিনজন একসঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় তারা অসাবধানতাবশত নদীর গভীর পানিতে চলে গেলে তলিয়ে যান।
তিনজনের কেউই সাঁতার জানতেন না বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় লোকজন তাদের পানিতে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে নদী থেকে তিনজনকে উদ্ধার করা হলেও উদ্ধারের আগেই তাদের মৃত্যু হয়।
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল মৈত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়া চলছে।
একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।