নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬ ২১:৩০ পিএম
বৃদ্ধার রক্তাক্ত মরদেহ বহনকারী মাইক্রোবাসটি ঘিরে রেখেছে উৎসুক জনতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নরসিংদীর পলাশ উপজেলায় এক বৃদ্ধের মরদেহ নির্জন স্থানে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগে এক মাইক্রোবাস চালককে আটক করেছে পুলিশ।
উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় জনতা চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক ব্যক্তি বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে মনির হোসেন। তবে উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে হেফাজতে নেয় এবং আহত বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন দাবি করেন, ঢাকার গাবতলী এলাকার একটি পাম্পের সামনে কয়েকজন ব্যক্তি গুরুতর আহত ওই বৃদ্ধকে তার গাড়িতে তুলে দেয়। তাদের অনুরোধে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে তিনি বৃদ্ধকে গাড়িতে তোলেন। তবে পথে পুলিশের জিজ্ঞাসাবাদের আশঙ্কায় তিনি ভীত হয়ে নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ওসি শাহেদ আল মামুন বলেন, “উদ্ধার করা বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।