সাপাহার সীমান্তে আবারও নারী ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। প্রবা ফটো
নওগাঁর সাপাহার সীমান্তে আবারও নারী ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তা পণ্ড হয়েছে।
সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে বুধবার ভোর ৪টার দিকে এই ৯ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)। বর্তমানে ওই লোকজন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। এর আগেও গত ৫ জুন একই উপজেলার করমুডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে
পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের
সদস্যরা ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির একটি
টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা
দেয়। ওই ৯ জনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। তারা বর্তমানে ভারতীয়
সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে।
নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম
বলেন, সংবাদ পাওয়ার পরে ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে
অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদের ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশ-ব্যাক) কার্যক্রম
চলমান রয়েছে।
তিনি আরও জানান, গত ৫ জুন সাপাহার উপজেলার
করমুডাঙ্গা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরবর্তী
সময়ে বিজিবি, এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর ওই ১৭ জনকে ভারতের অভ্যন্তরে
নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ।