যশোর প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
যশোরে ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২ পাচারকারী। প্রবা ফটো
যশোরে ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার করা হয়েছে ২ পাচারকারীকে।
গ্রেপ্তার হলো- নড়াইল জেলার নড়াগাতি উপজেলার খাসিয়াল গ্রামের
খন্দকার মাহাবুবুল হক ও যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের আনিস।
যশোর বিজিবি ব্যাটেলিয়ানের এক নম্বর গেটের সামনে শনিবার (২০ জুন)
সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে পাচারের সময় তাদের এ বিপুল পরিমাণে
স্বর্ণের বারসহ গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময়ে তাদের কাছ থেকে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি প্রাইভেট
কার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা উদ্ধার করে বিজিবি
সদস্যরা। শনিবার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন যশোর বিজিবি ব্যাটেলিয়ান প্রধান কর্নেল গোলাম মোহাম্মদ
সাইফুল আলম খান, পিএসসি।
তিনি সাংবাদিকদের জানান, যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানে যোগদানের
পর থেকে চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। এর ফলশ্রুতিতে প্রতিনিয়ত এ ব্যাটেলিয়ানের
অধিভুক্ত এলাকাগুলো থেকে বিপুল পরিমাণে স্বর্ণের বার মাদকদ্রব্যসহ নানা ধরনের ভারতীয়
মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানতে পারেন ঢাকার
ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সড়ক পথে ঢাকা
থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। জব্দকৃত স্বর্ণের বারগুলো
যশোর ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে এবং আসামি দ্বয়কে যশোর কোতোয়ালি থানা পুলিশের
কাছে হস্তান্তর করা হয়েছে।