খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৭:৪৭ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১৮:১৬ পিএম
খাগড়াছড়িতে যোগব্যায়াম (ইয়োগা) দিবস উদযাপিত। প্রবা ফটো
‘নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়িতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক যোগব্যায়াম (ইয়োগা) দিবস উদযাপিত হয়েছে। খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের বর্ণিল আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
দ্বিতীয় দিন শনিবার (২২জুন) ভোর সাড়ে ৫টায় প্রায় তিন কিলোমিটার পায়ে হাঁটার আয়োজন করা হয়। যা খাগড়াছড়ি সদর উপজেলার জিরোমাইল থেকে শুরু হয়ে আলুটিলা পর্যটন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পরপরই বিভিন্ন ধরনের যোগব্যায়াম প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠাতা ও সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার উপমহাব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা বলেন, ইয়োগা বা যোগব্যায়াম হলো শরীর ও মন যুক্ত করে সুস্থ থাকার এক প্রাচীন পদ্ধতি। জেলার বিভিন্ন স্থান থেকে ইয়োগা প্রশিক্ষণার্থীরা আমাদের আয়োজনে যোগ দিয়েছেন। শুদ্ধ যোগচর্চার প্রসারে প্রাচীন ইয়োগা খাগড়াছড়িতেও ধারাবাহিক কাজ করে যাচ্ছে। তারই স্বীকৃতি এবারের আন্তর্জাতিক যোগ দিবস ব্যাপক মানুষকে আন্দোলিত করবে। যোগ সম্পর্কে আগ্রহী করে তুলবে, যা শুদ্ধ যোগচর্চাকে আরও প্রসারিত রাখবে।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে যোগ দেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের সাবেক উপমহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, ডাক্তার রাজর্ষী চাকমা, খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের পরিচালক সাগরিকা ত্রিপুরা, প্রশিক্ষক অর্পন বিকাশ ত্রিপুরা প্রমুখ।