প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১১:২৫ এএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৪:১৭ পিএম
রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ আগুনের ক্ষত না শুকাতেই নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুন। এভাবে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। ঈদের আগমুহূর্তে এসব অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বারবার এসব ঘটনা ঘটার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ে শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে : ডিএমপি কমিশনার
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আপনাদের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছি। একের পর এক ঘটনা ঘটছে। আমি গোয়েন্দা সংস্থাকে আহ্বান করব কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য।’

তিনি আরও বলেন, ‘নিউমার্কেটের তিন তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, ঢাকা ওয়াসার পানিবাহিত গাড়িসহ বিজিবির সদস্যরা কাজ করছেন।’
নিউ সুপার মার্কেটে আগুন লাগার কারণ নিয়ে বলেন, ‘এখানে আগুন কেন লেগেছে তা আমরা এখনও জানি না। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি, কিন্তু নির্বাপণ করতে পারিনি।’
ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়ের জন্য আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পোহাতে হয়েছে বলেও জানান ডিজি।
রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট
এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘আমাদের প্রতিটি স্তরে যদি সবাই সচেতন থাকে, তাহলে আগুন থেকে বেঁচে থাকা সম্ভব। এখানে উচ্চ ভোল্টের বাতি ব্যবহার করা হয়। এগুলো যদি সচেতন না হয়, তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটবে।’