ধানমন্ডি ৬/এ এলাকায় সোনার দোকানে গতকাল শুক্রবার চুরির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলের স্বর্ণের দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরির দাবি উঠেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরি হয়।
দোকানটির বিক্রেতা জোবায়ের আহমেদের দাবি, শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে দুর্বৃত্তরা। এরপর দোকানের তালা কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমাণ আনুমানিক দুই হাজার ভরি। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদের কয়েকজনের সহায়তায় চুরির ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। তাদের সঙ্গে আরও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে।
শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছে। এ সময় দোকানকর্মীরা জানান, বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে দোকানের তালা কাটা হয়। পরে যন্ত্রটি ঘটনাস্থলে ফেলে যায় দুর্বৃত্তরা।
জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।