× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাড়ে তিন মাসের মধ্যে গাবতলীতে ফ্ল্যাট পাবেন ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মিনিট আগে

আপডেট : ৭ মিনিট আগে

গাবতলী সিটি পল্লিতে পাশাপাশি নির্মিত চারটি ১৫ তলা ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট রয়েছে। ছবি: সংগৃহীত

গাবতলী সিটি পল্লিতে পাশাপাশি নির্মিত চারটি ১৫ তলা ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট রয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত ৭৮৪টি ফ্ল্যাট আগামী সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

গ্যাসের সংযোগ স্থাপন এবং ফ্ল্যাট বরাদ্দের প্রক্রিয়া শেষ করে এসব ফ্ল্যাট হস্তান্তর করা হবে। ইতিমধ্যে চারটি ১৫ তলা ভবনের মূল নির্মাণকাজ শেষ হয়েছে। এখন বাকি রয়েছে কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্ট নির্মাণসহ কিছু আনুষঙ্গিক কাজ।

সম্প্রতি গাবতলী সিটি পল্লিতে পাশাপাশি নির্মিত চারটি ১৫ তলা ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ডব্লিউ-২, ডব্লিউ-৩ ও ডব্লিউ-৪ নম্বর ভবনের প্রতিটিতে প্রতি তলায় ১৬টি করে মোট ৬৭২টি ফ্ল্যাট রয়েছে। অন্যদিকে ডব্লিউ-৫ নম্বর ভবনে প্রতি তলায় আটটি করে মোট ১১২টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৫৬৫ বর্গফুট। এতে দুটি শোয়ার ঘরের পাশাপাশি শিশুদের জন্য আলাদা কক্ষ, রান্নাঘর, শৌচাগার, গোসলখানা এবং ড্রয়িং ও ডাইনিংয়ের পৃথক জায়গা রয়েছে। বড় শোয়ার ঘরের সঙ্গে রয়েছে বারান্দা।

ফ্ল্যাটগুলোর মেঝেতে টাইলস বসানো, দেয়ালে রং করা, বৈদ্যুতিক বাতি ও পাখা স্থাপনসহ প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। রান্নাঘরে রয়েছে কিচেন সিঙ্ক। ১৬টি ফ্ল্যাটের ভবনগুলোতে ছয়টি করে এবং আটটি ফ্ল্যাটের ভবনে দুটি করে লিফট স্থাপন করা হয়েছে। প্রতিটি ভবনে দুটি সাধারণ সিঁড়ির পাশাপাশি জরুরি নির্গমনের জন্য আরও দুটি সিঁড়ি রাখা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন প্রায় ২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে প্রায় ৮০০ কর্মী পরিবারসহ গাবতলী এলাকায় বসবাস করেন। একসময় তারা গুলশানে থাকতেন। ২০০৫ সালে তাদের সেখান থেকে গাবতলীতে স্থানান্তর করা হয়।

ফ্ল্যাট বরাদ্দের বিষয়ে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “পরিচ্ছন্নতাকর্মীদের চাকরির মেয়াদ ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করে কারা ফ্ল্যাট পাওয়ার উপযুক্ত, তা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে। ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হবে, যাতে কেউ বঞ্চিত হওয়ার অনুভূতি না পান। দীর্ঘদিন ধরে কর্মরত এবং অগ্রাধিকার পাওয়ার যোগ্য ব্যক্তিদের বিষয়টি বিবেচনায় রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় বরাদ্দ দেওয়া হবে”।

তবে ফ্ল্যাট বরাদ্দ নিয়ে এখনো কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি রাজু গাজী। 

ফ্ল্যাটগুলোর রান্নাঘরে গ্যাস ব্যবহারের ব্যবস্থা রাখা হলেও কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্ট নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। এ জন্য পৃথক দরপত্রের মাধ্যমে কাজ করছে ডিএনসিসি। পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্রীয় প্ল্যান্ট থেকে প্রতিটি ফ্ল্যাটে আলাদা সংযোগের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। এতে বাসিন্দাদের নিজস্বভাবে গ্যাসের সিলিন্ডার কেনা ও সংরক্ষণের প্রয়োজন হবে না।

এদিকে পরিচ্ছন্নতাকর্মীদের সন্তানদের শিক্ষার জন্য আবাসন প্রকল্প এলাকায় নির্মাণ করা হয়েছে চারতলা একটি বিদ্যালয় ভবন। স্কুল পরিচালনার জন্য একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ডিএনসিসি। এ ছাড়া আবাসিক এলাকায় অগ্নিনিরাপত্তার জন্য অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নিজস্ব সাবস্টেশন এবং বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রকল্পটির ষষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) রফিকুল ইসলাম। তিনি জানান, করোনা মহামারি ও পরবর্তী সময়ে প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। একপর্যায়ে কাজ প্রায় বন্ধ হয়ে যায়। সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হলেও ওই সময় কাজ চালু রাখতে সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করতে হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, “প্রকল্পের মূল কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে গ্যাস সরবরাহের সমস্যা সমাধানে কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্ট নির্মাণসহ প্রশাসকের পরামর্শে কিছু অতিরিক্ত কাজ করা হচ্ছে। এসব কাজ দ্রুত শেষ করে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে ফ্ল্যাটগুলো হস্তান্তর করা হবে”।


তথ্য: প্রথম আলো

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা