রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি তাদের খাদ্য, চিকিৎসা ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
বুধবার বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।
ডিএনসিসি প্রশাসক জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডিএনসিসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহমান সানি আহতদের চিকিৎসায় মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।
ক্ষতিগ্রস্তদের জন্য বুধবার দুপুর ও রাত এবং বৃহস্পতিবার সকাল, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ডিএনসিসি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আর্থিক সহায়তা দেবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বুধবার বিকেল ৩টায় তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রশাসক জানান, ধ্বংসস্তূপ পরিষ্কারের পর ক্ষতিগ্রস্তদের ঘর আগের অবস্থায় পুনর্নির্মাণ করে দেওয়া হবে। এ জন্য ভূমির মালিকদের আগামী দুই মাস ভাড়া না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এক বছরের আগে ক্ষতিগ্রস্তদের উচ্ছেদ বা অন্যত্র চলে যাওয়ার নোটিশ দেওয়া যাবে না।
পুনর্বাসন কার্যক্রমে অনিয়ম ঠেকাতে বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসির সহযোগিতা অব্যাহত থাকবে।