ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি: সংগৃহীত
ভারী বৃষ্টি হলেই বদলে যায় রাজধানীর সড়ক-অলিগলির চেনা দৃশ্য। কোথাও হাঁটুপানি, কোথাও যানবাহনের দীর্ঘ সারি, আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা জমে থাকে বৃষ্টির পানি। এতদিন জলাবদ্ধতার পেছনে ড্রেনের ময়লা ও অপরিষ্কার ড্রেনকে দায়ী করা হতো। কিন্তু এবার খোদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিয়োগ করা পরামর্শক প্রতিষ্ঠানের সমীক্ষায় উঠে এসেছে কাঠামোগত সীমাবদ্ধতার চিত্র। এতে দেখা গেছে, কোথাও বৃষ্টির পানির প্রবাহ বর্তমান নিষ্কাশনব্যবস্থার ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি, কোথাও পানি বের হওয়ার পথ সীমিত, আবার কোথাও নদীর পানির উচ্চতা বেড়ে গেলে তৈরি হয় উল্টো প্রবাহের ঝুঁকি।
জলাবদ্ধতার কারণ ও সমাধানের পথ খুঁজতে চলতি বছরের ২৪ মে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংকে (আইডব্লিউএম) পরামর্শক নিয়োগ করে ডিএসসিসি। চুক্তি সইয়ের পর ১ জুন প্রতিষ্ঠানটি সমীক্ষা শুরু করে। ডিএসসিসির ৫টি অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত এ সমীক্ষায় ৫৭টি ওয়ার্ডের প্রায় ৩২ লাখ মানুষের এলাকার নিষ্কাশনব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। এতে জলাবদ্ধতার ৭০টি হটস্পট শনাক্তের পাশাপাশি ২৬টি প্রধান ক্যাচমেন্টকে (বড় এলাকা) ৩১টি উপ-ক্যাচমেন্টে ভাগ করে পানিপ্রবাহ, বর্তমান ড্রেনের সক্ষমতা বিশ্লেষণের পাশাপাশি খোঁজা হচ্ছে সম্ভাব্য সমাধানও।
বর্তমানে ডিএসসিসির আওতায় রয়েছে প্রায় ১ হাজার ৩৯০ কিলোমিটার নিষ্কাশন নেটওয়ার্ক। এর মধ্যে ৭০ কিলোমিটার উন্মুক্ত খাল, ১২ কিলোমিটার বক্স কালভার্ট এবং ১ হাজার ৩০৮ কিলোমিটার পাইপ ও সড়কের পাশের ড্রেন। এত বড় নেটওয়ার্ক থাকা সত্ত্বেও বৃষ্টির পানি দ্রুত সরতে না পারার কারণ খুঁজতে আইডব্লিউএম পর্যালোচনা করছেÑ আগের ড্রেনেজ মহাপরিকল্পনা, সড়ক মহাপরিকল্পনা, ভূমি ব্যবহার মানচিত্র ও নগর কাঠামো পরিকল্পনা।
অগ্রাধিকার ভিত্তিতে আইডব্লিউএম নিউমার্কেট এলাকার নিষ্কাশন সক্ষমতা যাচাই করেছে। সংস্থার কারিগরি উপস্থাপনা অনুযায়ী, বিদ্যমান ড্রেনের সক্ষমতা ও সম্ভাব্য পানিপ্রবাহের তুলনা করতে এ ক্যাচমেন্টের আয়তন ধরা হয়েছে ১ দশমিক ৮৮ বর্গকিলোমিটার। পাঁচ বছর পরপর ঘটতে পারেÑ এমন বৃষ্টিপাতের পরিস্থিতিতে তিন ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টি হলে এখানে সর্বোচ্চ পানিপ্রবাহ হতে পারে সেকেন্ডে প্রায় ৯ ঘনমিটার। অথচ একই উপস্থাপনায় বর্তমান নেটওয়ার্কের মোট সক্ষমতা দেখানো হয়েছে সেকেন্ডে ৪ দশমিক ৬৮ ঘনমিটার। এতে প্রায় সমপরিমাণ পানি নিষ্কাশনের বাইরে থাকছে। ফলে বৃষ্টিতে যে পরিমাণ পানি হবে, তা দ্রুত সরিয়ে নেওয়ার মতো সক্ষমতা নেই এ নেটওয়ার্কে।
অন্যদিকে আইডব্লিউএমের হাইড্রোলিক মডেলিংয়ে নতুন নিষ্কাশনব্যবস্থার প্রাথমিক নকশায় নিউমার্কেট ক্যাচমেন্টের আয়তন দেখানো হয়েছে ১ দশমিক ৮৬ বর্গকিলোমিটার। নিউমার্কেট থেকে সেকশন বাসস্ট্যান্ড পর্যন্ত প্রধান নিষ্কাশনপথের পরিকল্পনায় এ ক্যাচমেন্টকে ভাগ করা হয়েছে ১৬টি উপ-ক্যাচমেন্টে।
নিউমার্কেট এলাকায় বিদ্যমান নেটওয়ার্কে রয়েছে ৭৫০ থেকে ১ হাজার ৫২৪ মিলিমিটার ব্যাসের পাইপ ও ৬০০ বাই ৬০০ মিলিমিটারের আয়তাকার ড্রেন। নতুন পরিকল্পনায় নিউমার্কেট থেকে সেকশন বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার পথে ২ হাজার ২০০ মিলিমিটার ব্যাসের ১ হাজার ৭৫০ দশমিক ৬০ মিটার পাইপ বসানোর প্রস্তাব রয়েছে। নতুন নকশায় মোট নিষ্কাশন নেটওয়ার্কের দৈর্ঘ্য ধরা হয়েছে ৫ হাজার ৬৩৬ দশমিক ২০ মিটার। এ পরিকল্পনার লক্ষ্য শুধু ড্রেনের দৈর্ঘ্য বাড়ানো নয়; বরং সম্ভাব্য পানিপ্রবাহের চাপ বিবেচনায় নিয়ে পানি সরানোর সক্ষমতা বাড়ানো।
সমস্যা শুধু ড্রেনের আকার বা দৈর্ঘ্যে সীমাবদ্ধ নয়। আইডব্লিউএমের বিশ্লেষণে দেখা যাচ্ছে, পানি বের হওয়ার পথের ওপর নদীর পানির উচ্চতাও প্রভাব ফেলে। এতে নদীর পানি বেড়ে গেলে বাধাগ্রস্ত হয় নিষ্কাশন। আইডব্লিউএমের এডিবি জন্য তৈরি ২৭ জুলাইয়ের উপস্থাপনায় বুড়িগঙ্গার বিপদসীমা ৫ দশমিক ৫৫ মিটার এমএসএল উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার পশ্চিমাঞ্চলের শহররক্ষা বাঁধের স্লুইসগেটগুলো ঠিকমতো কাজ না করায় নদীর পানি বেড়ে গেলে উল্টো প্রবাহের মাধ্যমে শহরের ভেতরে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে পাম্প করে পানি সরানোর প্রয়োজন পড়ে। এজন্য নিউমার্কেট থেকে সেকশন বাসস্ট্যান্ড পর্যন্ত প্রধান নিষ্কাশনপথের প্রাথমিক হাইড্রোলিক সিমুলেশনে ২৫ বছর পরপর হওয়া বৃষ্টিপাতের পরিস্থিতি তিন ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টি বিবেচনায় সেকেন্ডে ৮ ঘনমিটার সক্ষমতার পাম্প ধরে নকশা করা হচ্ছে। স্লুইসগেট বন্ধ থাকা অবস্থায় এ সক্ষমতার পাম্প ব্যবহার করে নিষ্কাশন নেটওয়ার্কে পানির স্তর মাটির নিচে রাখার সম্ভাবনা দেখানো হয়েছে মডেলিংয়ে।
পরিকল্পনায় স্লুইসগেট, পাম্প স্টেশন ও নিষ্কাশনপথকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার প্রস্তাব রয়েছে। বেড়িবাঁধের মোট ৫৩টি স্লুইসগেটকে কেন্দ্রীয় স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার আওতায় আনতে নগর ভবনের নিচতলার ইমারজেন্সি অপারেশন সেন্টারে নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। সেখান থেকে পানির স্তর, স্লুইসগেট ও পাম্প স্টেশনের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও পরিচালনা করা যাবে। প্রাথমিক সমীক্ষার জন্য ইতোমধ্যে হাজারীবাগ খাল, ধোলাইখাল, সেকশন বাসস্ট্যান্ড ও টিটিপাড়া পাম্প হাউসে পানির স্তর পরিমাপক যন্ত্র বসিয়ে দিনে পাঁচবার তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ড্রেন বা ম্যানহোলে ময়লা জমে পানিপ্রবাহ বন্ধ হলে তা শনাক্ত করতে ইন্টারনেট-সংযুক্ত স্মার্ট লেভেল সেন্সর ব্যবহারের প্রস্তাব রয়েছে, যা থেকে পাওয়া সতর্কবার্তার ভিত্তিতে নির্দিষ্ট স্থানে সাকার মেশিন পাঠিয়ে ময়লা পরিষ্কার করা হবে। এ ছাড়া প্রতিটি স্লুইসগেট ও সংশ্লিষ্ট নদীতে সেন্সর ও ক্যামেরা স্থাপন, নদীর পানির উচ্চতা অনুযায়ী গেট বন্ধ করা এবং পাম্প সচল রাখার বিষয়গুলোও প্রস্তাবিত কেন্দ্রীয় কমান্ড ব্যবস্থার অন্তর্ভুক্ত।
শহরের জলাবদ্ধতার আরেকটি বড় কারণ পানি ধরে রাখার প্রাকৃতিক জায়গা কমে যাওয়া। আইডব্লিউএমের স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে, ২০০৫ থেকে ২০২৫ সালের মধ্যে নির্মিত এলাকার পরিমাণ প্রায় সাড়ে চারগুণ বেড়েছে। বিপরীতে প্রাকৃতিক জলাধার ও পানিধারণের জায়গা কমেছে প্রায় ৫০ শতাংশ। নিচু জমি ভরাটের পরিমাণও বেড়েছে প্রায় ৩৫ গুণ। মুগদায় ২০০৫ সালে প্রায় ৩৫ হাজার ৪০০ বর্গমিটার জলাশয় ছিল; সেখানে এখন ১৩তলা হাসপাতাল ভবন রয়েছে। শাহজাহানপুর ঝিলের আয়তনও উল্লেখযোগ্যভাবে কমেছে। বৃষ্টির পানি মাটিতে শোষিত হওয়া বা জলাধারে জমার সুযোগ কমে গেলে তা দ্রুত সড়ক ও ড্রেনে জমে। এতে ড্রেনের ওপর চাপ বাড়ে।
এ অবস্থায় শুধু ভূগর্ভস্থ পাইপ বা বড় ড্রেন নির্মাণের পাশাপাশি পানি ধরে রাখার বিকল্প ব্যবস্থার কথাও বলছে আইডব্লিউএম। আজিমপুর সরকারি কলোনি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নগর ভবন ও মতিঝিল এলাকায় বৃষ্টির পানি মাটিতে শোষণ ও সাময়িকভাবে ধরে রাখার ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব রয়েছে।
তবে নতুন নকশা ও প্রযুক্তি যুক্ত করলেই জলাবদ্ধতা দূর হবে না বলে মনে করেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দীর্ঘদিন ধরে ড্রেন নির্মাণে বিপুল অর্থ ব্যয় হলেও পাম্পের সক্ষমতা ও স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের মতো মৌলিক বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি। বর্ষার আগে ক্যাচপিট (নালা/ড্রেনের ওপরের ছিদ্রযুক্ত ঢাকনা) ও ড্রেন পরিষ্কার করতে হাজার হাজার কোটি টাকা লাগে না; প্রয়োজন অগ্রাধিকার নির্ধারণ, পর্যাপ্ত জনবল ও নিয়মিত তদারকি। তার মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া বড় প্রকল্প বাস্তবায়ন করলেও দীর্ঘমেয়াদে জলাবদ্ধতার সমাধান হবে না। ড্রেন ও ক্যাচপিটে পলি, ময়লা ও বর্জ্য জমলে পানি চলাচলের জায়গা কমে যায়। আধুনিক সাকার মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতিও পরিষ্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।
আইডব্লিউএমের প্রস্তাবগুলো বাস্তবায়নে অর্থায়ন নিয়েও চ্যালেঞ্জে রয়েছে সিটি করপোরেশন। এ নিয়ে গত ২৭ জুলাই এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মিশনের কাছে ডিএসসিসি ও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রাথমিক সমীক্ষার ফলাফল ও ভবিষ্যৎ অর্থায়নের প্রয়োজন তুলে ধরা হয়। তবে এখনও অর্থায়নের বিষয়টি নিশ্চিত হয়নি।
এ প্রসঙ্গে ডিএসসিসির প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জলাবদ্ধতার কারণ বিশ্লেষণ ও সমাধানের পথ নির্ধারণে আইডব্লিউএমকে নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চূড়ান্ত সুপারিশ এখনও পাওয়া যায়নি; সমীক্ষা ও নকশার কাজ চলছে। আইডব্লিউএমের কাজের ভিত্তিতে প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে পরিকল্পনা কমিশনে যাবে; পর্যালোচনা শেষে অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে উন্নয়ন সহযোগীর কাছে ঋণের আবেদন করার পরিকল্পনা রয়েছে।