হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: বাসস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা। আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী ও ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন।
বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ ও ভিআইপি রোড এলাকায় সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিমানবন্দর থানা-পুলিশ জানায়, বিমানবন্দর এলাকায় দীর্ঘদিন ধরে ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাতের অভিযোগ রয়েছে। এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ১৫ শিশুকে মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ডিএমপি জানিয়েছে, গত কয়েক দিন ধরে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও ২৮৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। সোমবারের অভিযানে ৪০ জনসহ এ পর্যন্ত মোট ৩২৮ জনকে আটক করা হয়েছে। এর আগে আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিমানবন্দর এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিমানবন্দর থানা-পুলিশ।