ফাইল ছবি
পল্টন থানাধীন এক আবাসিক হোটেল থেকে মো. আল আমিন (৪০) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক তরুণীকে আটক করা হয়েছে।
পল্টন থানার হোটেল রমনায় শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক এই তথ্য নিশ্চিত করেন।
ওই হোটেলের হোটেল বয় মোহম্মদ হানিফ জানান, মো. আল-আমিন (সৌদি প্রবাসী) শুক্রবার সকালে গুলিস্তানের ৪৫ বঙ্গবন্ধু এভিনিউ রমনা ভবনের হোটেল রমনা আবাসিকের নয়তলার ৯২৩ নম্বর কক্ষ ভাড়া নেন।
পরে তারা জানতে পারেন সৌদিতে থাকাকালীন সময় ফেসবুকের মাধ্যমে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার চরকান্দি গ্রামের সবুর শেখের মেয়ে এবং গাজীপুর নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী সাগরিকা আক্তারের (২২) সঙ্গে তার পরিচয় হয়। বিগত ৬ মাস ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। শুক্রবার আল আমিন দেশে ফিরে সাগরিকার সাথে দেখা করার জন্য হোটেল রমনার ওই কক্ষে ওঠেন।
সঙ্গে থাকা তরুণী সাগরিকার দাবি, আল আমিন ওয়াশরুমে যাওয়ার পর হঠাৎ পড়ে যাবার শব্দ শুনতে পান। পরে গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা অবস্থায় আল আমিন মেঝেতে পড়ে আছেন। পরে তার চিৎকারে হোটেলের বয় হানিফসহ কর্তৃপক্ষ এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,নিহত আল আমিনের গ্রামের বাড়ি ঢাকার গাজীপুর। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার ফেরদৌস উদ্দীনের ছেলে তিনি।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় ওই তরুণীকে পল্টন থানায় জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।