× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদ্-দ্বীন হাসপাতালে দিনভর পুলিশের উপস্থিতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। ছবি: ভিডিও থেকে

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। ছবি: ভিডিও থেকে

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর বৃহস্পতিবার হাসপাতালজুড়ে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি। হাসপাতালের বিভিন্ন ফটক ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

তবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাৎ খান প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, হাসপাতালটিতে বিশেষভাবে পুলিশ মোতায়েন করা হয়নি। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে যাওয়ায় নিয়মিত পেট্রোল ডিউটির অংশ হিসেবে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের বাংলাদেশকে বৃহস্পতিবার সন্ধ্যায় ওসি রাহাৎ খান বলেন, “পুলিশ মোতায়েন করা হয়নি। হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেখানে এসেছিলেন। পেট্রোল ডিউটির অংশ হিসেবে পুলিশ সদস্যরা উপস্থিত ছিল”।

পরে রাত সাড়ে ৭টার দিকে তিনি জানান, সেখানে অবস্থান করা পুলিশ সদস্যদের ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায়। গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্ট ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে নবজাতকদের মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।


নোটিশের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। পরে তারা অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চেয়ে আবেদন করে। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর গত ৯ জুন হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত জবাব জমা দেয়। তবে সেই জবাবে দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

তবে আদেশে উল্লেখ করা হয়েছে, একই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আবেদন করার সুযোগ রয়েছে।

এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী রবিবার সরকারের কাছে আপিল করা হবে বলে জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

গত ২৭ মে সকালে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে একদিন থেকে চারদিন বয়সী ৬ নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা এবং এর ফলে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার কারণে নবজাতকদের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গত ৪ জুন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। ওই দিনই তদন্ত প্রতিবেদনের আলোকে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

লাইসেন্স বাতিলের ঘোষণার পর হাসপাতাল প্রাঙ্গণে দিনভর পুলিশ সদস্যদের উপস্থিতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আনাগোনা লক্ষ্য করা যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এটি কোনো বিশেষ নিরাপত্তা মোতায়েন নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দায়িত্ব পালনের অংশ হিসেবেই পুলিশ সেখানে অবস্থান করেছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা