আদ-দ্বীন হাসপাতাল। ফাইল ছবি
ঢাকার আদ-দ্বীন হাসপাতালের কার্যক্রমের লাইসেন্স বাতিল করা হয়েছে। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর এ সিদ্ধান্ত নেয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বৃহস্পতিবার বিকালে এ ঘোষণা দেন।
তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে ঈদের আগের দিন বুধবার সকালে ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে। সেখানে ছয় নবজাতক একে একে মৃত্যুবরণ করে।
স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি পরবর্তীকালে তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি উল্লেখ করে। এর ভিত্তিতে আগেই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে লাইসেন্স বাতিলের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দিষ্ট সময় দেওয়া হয়। সময় বাড়ানোর আবেদন গ্রহণ করা হলেও প্রতিষ্ঠানটির দেওয়া জবাব কর্তৃপক্ষের সন্তোষজনক মনে হয়নি, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই ধারাবাহিকতায় ‘চিকিৎসা পদ্ধতি ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’-এর ১৯(২)(খ) ধারা অনুযায়ী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
একই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী, এই আদেশের বিরুদ্ধে লাইসেন্সধারী কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করতে পারবে।