× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরুর বিএমআর প্রকল্পে অর্থ লোপাটের আয়োজন

দীপক দেব

রাহাত হুসাইন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১০:১১ এএম

কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ছবি: সংগৃহীত

কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ছবি: সংগৃহীত

ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) প্রকল্পে স্পেয়ার পার্টস কেনাকে কেন্দ্র করে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির সুগার ইউনিটের সদ্য শেষ হওয়া বিএমআরে তিন কোটি টাকার স্পেয়ার পার্টস কেনার প্রস্তাব ১০ দিনের মাথায় ছয় কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

প্রকল্পের ওয়ারেন্টি চলাকালে যন্ত্রাংশ কেনার উদ্যোগ ও বোর্ডকে পাশ কাটিয়ে উন্মুক্ত দরপত্রের পরিবর্তে ডিপিএম পদ্ধতিতে ক্রয় অনুমোদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্ম সচিব মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি চক্র এ ক্রয়প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নানা প্রতিকূলতা অতিক্রম করে সুগার ইউনিটের বিএমআর প্রকল্পের কাজ শেষ করে ২০২৫-২৬ মাড়াই মৌসুমের শেষ পর্যায়ে বর্ধিত সক্ষমতায় চিনি উৎপাদনও শুরু হয়। তবে প্রকল্প চালু হলেও চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় স্পেয়ার পার্টস সরবরাহ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান বিএমটিএফ এর বিল থেকে স্পেয়ার পার্টসের মূল্য বাবদ ২ কোটি ৫৪ লাখ টাকা কেটে রাখা হয়।

তিন কোটি থেকে ছয় কোটি টাকার প্রস্তাব

প্রশ্ন উঠেছে স্পেয়ার পার্টসের মূল্য বাবদ ২ কোটি ৫৪ লাখ টাকা কেটে রাখা হলেও সেটার জন্য প্রথমে ৩ কোটি ও পরে ৬ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে কোন বিবেচনায়। সূত্রের দাবি, ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ না থাকা সত্ত্বেও স্পেয়ার পার্টস কেনার জন্য নতুন করে উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ১৮ আগস্ট সদর দপ্তরে ৩ কোটি টাকার প্রস্তাব পাঠায় কেরু কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে ৩১ আগস্ট ফের ৬ কোটি টাকার সংশোধিত প্রস্তাব পাঠানো হয় সদর দপ্তরে। প্রস্তাব পাঠাতে বিলম্বের অভিযোগে কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহাকে শোকজ করা হয়। তিনটি চিঠির কপি প্রতিদিনের বাংলাদেশের কাছে এসেছে।

ওয়ারেন্টি চলাকালে যন্ত্রাংশ কেনার উদ্যোগ নিয়ে প্রশ্ন

বিএমআর প্রকল্পের কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হয়েছে। চুক্তিতে দুই বছরের ওয়ারেন্টি থাকায় এ সময়ে যন্ত্রপাতিতে ত্রুটি দেখা দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের তা সমাধানের কথা। এমন পরিস্থিতিতে টেকনিক্যাল টিমের সুপারিশ ছাড়াই বিপুল অঙ্কের স্পেয়ার পার্টস কেনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, মাড়াই কাজ নির্বিঘ্ন করার প্রয়োজনে স্পেয়ার পার্টস দরকার হলেও ওয়ারেন্টির শর্ত, মজুদ ও প্রকৃত চাহিদা যাচাই না করে কেনাকাটা হলে সরকারি অর্থের অপচয় হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ প্রকৌশলী বলেন, “তিন কোটি টাকার প্রস্তাব কী কারণে ছয় কোটি টাকায় উন্নীত হলোÑ এ বিষয়ে সদর দপ্তর থেকে যথাযথ ব্যাখ্যা চাওয়া হয়নি। তালিকার কিছু যন্ত্রাংশ আগামী পাঁচ থেকে সাত বছরেও প্রয়োজন নাও হতে পারে”।

কেরুর চাহিদা অনুযায়ী যন্ত্রাংশের তালিকা পাওয়ার কথা স্বীকার করে তা এখনও যাচাই করা হয়নি বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মাহমুদুল হক। 

অভিযোগ রয়েছে, কেরু কর্তৃপক্ষের প্রস্তাব যথাযথ যাচাই ছাড়াই করপোরেশনের বোর্ডকে পাশ কাটিয়ে জিটুজিকে কারণ হিসেবে দেখিয়ে ডিপিএম পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, প্রস্তাবিত যন্ত্রাংশ বিএমটিএফ বা মূল প্ল্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান তৈরি করে না; সাব-কন্ট্রাক্টর নিউটেক ইন্টারন্যাশনাল স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে সরবরাহ করার কথা। নিউটেক ইন্টারন্যাশনাল ও এর পরিচালক মো. সাইদুর রহমানের বিরুদ্ধে যোগসাজশের মাধ্যমে ক্রয়ের এই প্রক্রিয়া চলছে মর্মে একটি অভিযোগ শিল্প সচিবের দপ্তরে দেওয়া হয়েছে।

কমিশন বাণিজ্যের অভিযোগ

করপোরেশনের উৎপাদন ও প্রকৌশল বিভাগের পরিচালক মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে কারিগরি অনুমোদনের জন্য তিন শতাংশ পর্যন্ত কমিশন দাবির অভিযোগ উঠেছে। কয়েকজন ঠিকাদারের দাবি, অর্থ দিতে না চাইলে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রাখেন।

সাইদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বোর্ডসহ ঊর্ধ্বতন পর্যায়ের পরামর্শেই ডিপিএম পদ্ধতিতে ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। যদিও অপর এক পরিচালক দাবি করেছেন বিষয়টি নিয়ে বোর্ডে আলোচনা হয়নি। নিউটেকের সঙ্গে যোগসাজশের মাধ্যমে অর্থ লোপাটের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে মন্তব্য করেন। এ ছাড়া তিন কোটি টাকার প্রস্তাব কীভাবে ছয় কোটি হলোÑ সে বিষয়েও তার জানা নেই। 

এদিকে কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, স্পেয়ার পার্টসের বিষয়ে সবকিছু সদর দপ্তর তথা প্রকৌশল শাখার নির্দেশনাতে করা হয়েছে। তবে কেরুর যান্ত্রিক বিভাগের দায়িত্বে থাকা ইসমাইল হোসেন মোল্লা প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্রথমে আনুমানিক একটা মূল্য ধরে তিন কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। পরে হেড অফিসের প্রতিনিধি, ফ্যাক্টরির প্রতিনিধি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বসে পার্টসের দামের বিষয়ে খোঁজ নিয়ে সব খরচ যুক্ত করে ছয় কোটি করা হয়েছে। তবে টেকনিক্যাল কমিটির মাধ্যমে পার্টসের মূল্য ও প্রয়োজনীয়তার বিষয়টি না করে কেন তিন পক্ষ বসে করা হয়েছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে চাননি।

নিরপেক্ষ তদন্তের দাবি

এমআর অনিয়মের অভিযোগগুলো নিয়ে এরই মধ্যে শিল্প সচিবের দপ্তরে চিঠি দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে, যার একটি কপি প্রতিদিনের বাংলাদেশের কাছেও এসেছে। সংশ্লিষ্টদের মতে, ক্রয়প্রস্তাব, ওয়ারেন্টির শর্ত, যন্ত্রাংশের তালিকা, বাজারদর ও অনুমোদন সংক্রান্ত নথি পর্যালোচনা করে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। এতে প্রকৃত চাহিদা নির্ধারণ ও সরকারি অর্থের সম্ভাব্য অপচয় রোধ করা সম্ভব হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা