× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক

বাসস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৬:৪২ পিএম

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ঋণ আদায়, পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৃহস্পতিবার ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের (বিআরডি) এক সভায় ব্যাংকটির চলমান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ ও পুনর্গঠন, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্বিন্যাস, মানবসম্পদ সমন্বয়, শাখা একীভূতকরণ এবং তথ্যপ্রযুক্তি ও পরিচালন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি। ইতোমধ্যে প্রায় ১০ হাজার মামলা দায়ের করা হয়েছে। আরও কিছু মামলা দায়েরের প্রক্রিয়ায় রয়েছে। প্রচলিত আইনি ব্যবস্থার পাশাপাশি এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-সহ সমঝোতাভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, ব্যাংকটির পূর্ববর্তী মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিটও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সভায় জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় উঠে এসেছে, গত ছয় মাসে সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন ও কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর অংশ হিসেবে স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি গত ১৬ জুলাই থেকে ব্যাংকটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।

প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা, দায়িত্ব ও সাংগঠনিক কাঠামোর প্রয়োজনীয় সমন্বয়ের কাজও চূড়ান্ত করা হয়েছে।


পাঁচটি ব্যাংকের কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস), সুইফট ও আরএমএসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি অবকাঠামো একীভূত করার কাজ এগিয়ে চলছে।

একই সঙ্গে আমানতকারীরা যাতে পাঁচটি ব্যাংকের যেকোনো শাখা থেকে আমানতের অর্থ উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে একটি কমন ইন্টারফেস চালুর কাজও সম্পন্ন হয়েছে।

এদিকে ব্যাংকটির ৭৮০টি শাখা ও ১ হাজার ৫০০টি বিজনেস ইউনিটের একীভূতকরণ, যৌক্তিকীকরণ ও পরিচালন সমন্বয়ের কার্যক্রমও চলমান রয়েছে। শাখার অবস্থান, ব্যবসায়িক সম্ভাবনা, গ্রাহকসেবা ও পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন, ঋণ আদায়, মামলা নিষ্পত্তি, মানবসম্পদ ব্যবস্থাপনা, শাখা ও বিজনেস ইউনিট একীভূতকরণ এবং প্রযুক্তিগত সমন্বয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক। বিআরডি নিয়মিত এসব কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ফলোআপ করছে।

বাংলাদেশ ব্যাংকের আশা, এসব সমন্বিত উদ্যোগের ফলে ব্যাংকটির সুশাসন, পরিচালন দক্ষতা ও আর্থিক সক্ষমতা বাড়বে। একই সঙ্গে ঋণ আদায় ত্বরান্বিত, পরিচালন ব্যয় কমানো এবং ব্যাংকটির আটকে থাকা অর্থ উৎপাদনশীল খাতে পুনঃপ্রবাহিত করা সম্ভব হবে।

৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা রাষ্ট্র-মালিকানাধীন বাংলাদেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র সম্পদ ও আমানত ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা